ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহু নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তুমুল ঝড় বইছে টাইগার উডসের দাম্পত্য জীবনে। গলফে মনোযোগ দিতে পারছেন না তিনি। ব্যক্তি জীবনের সমস্যা কাটিয়ে ওঠার জন্য শেষমেষ পেশাদার গলফ থেকে অনির্দিস্ট সময়ের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই গলফার।
নিজের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তার অবিশ্বস্ততার কারণে সৃষ্ট পারিবারিক অসন্তোষের কথা এই প্রথম সরাসরি স্বীকার করে উডস বলেন, 'যে ক্ষতের সৃস্টি করেছি সেটাতে প্রলেপ দেয়ার চেস্টা করবো'। সঙ্গে মিডিয়ার প্রতিও আবেদন রেখেছেন, তার ব্যক্তিজীবন নিয়ে আর যেন টানাহেচঁড়া না করা হয়।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ টাইগার উডস তাকে ক্ষমার করার আহবান জানিয়ে সবার উদ্দেশে বলেছেন, 'যা ঘটেছে সেটার জন্য গভীরভাবে দুঃখিত। অনেক আত্মবিশ্লেষনের পর আমি পেশাদার গলফ থেকে অনির্দিস্টকালের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন ভালো স্বামী, ভালো বাবা ও সর্বোপরি একজন ভালো ব্যক্তি হওয়াটাই আমার কাছে মনোযোগ পাবে।'
পাঁচ বছরের বিবাহিত জীবনে স্ত্রী এলিন এবং দুটি সন্তান রয়েছে উডসের।
কঠিন সময়ের মধ্যেও গলফ ইতিহাসের সবচেয়ে বড় তারকার জন্য একটা ভালো খবর তার সবচেয়ে বড় স্পন্সর নাইকিকে তিনি এখনো পাশে পাচেছন। নাইকি জানিয়েছে, তারা বরাবরের মতোই উডসের পাশে থাকছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, 'তিনি (উডস) বিশ্বের সেরা গলফার এবং যুগের সেরা একজন অ্যাথলেটও। আমরা গলফে তার প্রত্যাবর্তন কামনা করছি। তার ও তার পরিবারের প্রতি নাইকির পুরো সমর্থন রয়েছে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/এসি/১৯৪৫ ঘ.
bdnews24