ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এডসন সিলভা ডিডো কি হাসছেন? শুক্রবার ভারতের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনালেই শেষ হয়ে গেছে বাংলাদেশের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। ফাইনালে বাংলাদেশ নয়, মালদ্বীপের প্রতিপক্ষ হচ্ছে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে এসে সবাইকে অবাক করে দেয়া ভারত। ঠিক যেন পঞ্চম সাফ ফাইনালের পুনর্মঞ্চায়ন। ভারতের জন্য এটা প্রতিশোধের সুযোগ। আর ডিডোর জন্য? প্রাণ খুলে হাসার?
টুর্নামেন্ট শুরুর আগে অনেক আশার কথাই শুনিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। ২০০৩ সালের সেই মাহেন্দ্রক্ষণ ফিরিয়ে আনার ইচ্ছে ছিল তাদের। শুক্রবারের ম্যাচে কিন্তু তার ছিঁটেফোঁটা আলামতও দেখা যায়নি। দেখে মনে হয়েছে যেন হারার আগেই হেরে বসে আছেন খেলোয়াড়রা। বাংলাদেশের সাবেক ব্রাজিলীয় কোচ ডিডো তো হাসতেই পারেন!
একমাত্র না হলেও ম্যাচে সবচেয়ে বড় ব্যতিক্রম ছিলেন আমিনুল হক। তার অসামান্য নৈপুন্যে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়ে উঠেছিল ভারত-আমিনুল ম্যাচ। শেষ পর্যন্ত ৬২ মিনিটে সুশীল কুমার ফ্রি কিকে তাকে পরাস্ত করায় ভারত জিতেছে। কিন্তু আমিনুল হারেননি, হারেননি ডিডোও।
চোটের জন্য মাঠের বাইরে থাকার পরও কেন আমিনুলকে দলে নেয়া হলো -- কোনো কোনো মহল থেকে এই প্রশ্নও তো তোলা হয়েছিল! নিজের আর ডিডোর হয়ে শুক্রবার দাঁতভাঙ্গা জবাবই দিয়েছেন আমিনুল। অসাধারণ দক্ষতায় অনেকের মতে দক্ষিণ এশিয়ার সেরা এই গোলরক্ষক অন্তত তিনটি গোল থেকে বঞ্চিত করেছেন ভারতীয়দের, নইলে ১-০ নয়, ব্যবধানটা ৪-০-ও হতে পারতো!
সারা ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি বাংলাদেশকে। শুরু থেকে আক্রমণ সামলাতেই দিশেহারা ছিল রক্ষণভাগ। মধ্যমাঠ, আক্রমনভাগ বলতে কিছু যে বাংলাদেশের ছিল তা বুঝতে হয়েছে খেলোয়াড়দের নাম শুনে, খেলা দেখে নয়!
এনামুল, এমিলিরা ভুটান আর শ্রীলঙ্কার বিপক্ষে যেটুকু ঝলক দেখিয়েছিলেন, পাকিস্তান ম্যাচের মতো শুক্রবারও তা ছিল অনুপস্থিত। রক্ষণকাজে যে খুব শৃঙ্খলা ছিল তা-ও নয়, তা-ই যদি হতো তাহলে তো ম্যাচের কয়েক মিনিট অন্তত মনে হতো বাংলাদেশ ড্র অন্তত করবেই। সারা ম্যাচে কখনো কি সেটা মনে হয়েছে?
কারো যদি মনে হয়েও থাকে, তাদের মনের জোরকেও কঠিন পরীক্ষায় ফেলে দেন সুশীল কুমার। ৬২ মিনিটে তার গোলেই এগিয়ে যায় ভারত এবং 'আমিনুল-প্রাচীর' আর ভেদ করতে না পারায় তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
বাকি সময় মরিয়া হওয়ার চেষ্টা করেও কল্কে পাননি বাংলাদেশের ফুটবলাররা। পাবেন কি করে, আসরে যে তখনো ভারতীয় তরুণরাই জাঁকিয়ে বসে!
দর্শকদের ধৈর্য্যরেও কঠিন পরীক্ষা হয়েছে শুক্রবারের ম্যাচে। শেষ বাঁশি বাজার আগেই তাদের একাংশকে অসহিষ্ণু হয়ে পানির বোতলসহ হাতের কাছে যা কিছু পেয়েছেন তা-ই ছুড়ে মারতে দেখা যায় বাংলাদেশের খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়দের বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় পুলিশ প্রহরায়। এই দর্শকদের কে বলবে, অসহিষ্ণুতা... সে বাফুফেরই হোক বা তাদের... দেশের ফুটবলের জন্য তা কোনোই কল্যাণ বয়ে আনবে না!
ম্যাচের প্রায় আধ ঘন্টা পর সংবাদ সম্মেলন। সেখানে শুরুতে কোনো কথাই বলতে পারছিলেন না কোচ শহিদুর রহামন শান্টু। পরে অবশ্য দলের ব্যর্থতা ঢাকার কোনো চেষ্টা না করেই বললেন, ,"পুরো দলই খারাপ খেলেছে। খেলোয়াড়দের দেখে মনে হয়েছে খুবই ক্লান্ত, অনেক চাপ নিয়ে খেলছে। কেন এমন হলো আমি জানিনা।"
তারপর দলের ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেই নিরব হয়ে গেলেন শান্টু।
পাশে বসা ভারতীয় কোচ সুখবিন্দর সিংও বাংলাদেশ কোচের অবস্থা দেখে কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। নিজের পালা এলে সুখবিন্দর সগর্বে জানালেন তার সাফল্যের রহস্য,"আমি আপনাদের আগের দিনই (বৃহস্পতিবার) বলেছিলাম মাঠে অনেক কিছুর সমন্বয়ে ভালো খেলা হয়। জয়ের জন্যও দরকার হয় কিছু কৌশল। আমরা পরিকল্পনা মতো খেলেছি, তাই জয় এসেছে। আমাদের লক্ষ্য ছিল শুরু থেকেই বাংলাদেশকে অকার্যকর করে দেয়া। ছেলেরা তা পেরেছে। আমি খুব খুশি।"
বাংলাদেশ দলের পারফর্ম্যান্স সম্পর্কে সুখবিন্দরের ধারণা,"আমার মনে হয়েছে অনেক বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। তারা সে চাপ সামলাতে পারেনি। চাপটা না নিলেই ওরা ভালো করতো।"
সুখবিন্দর যা বলেননি তা হলো, সবসময় কাগজ-কলমের সেরা দলই সাফল্য বয়ে আনবে এমন কোনো কথা নেই, সাফল্যের তীব্র ক্ষুধা আছে এমন দল চাই সবার আগে। চাই চরম পেশাদারিত্ব। ডিডো তা-ই বলতে চেয়েছিলেন, কাজেও তারই প্রমান রাখতে চেয়েছিলেন। সুযোগটা পাননি। ভারত সেরা দল না পাঠিয়ে সুখবিন্দরের হাতে তুলে দিয়েছে তরুণদের দল। তা নিয়েই রোববারের ফাইনালের টিকিট কাটা সারা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০১২ ঘ.
bdnews24