বাংলাদেশ, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক আমিনুল দ্বিতীয়ার্ধেও দাঁড়িয়েছিলেন দেয়াল হয়ে। বাংলাদেশ-ভারত লড়াইটা হয়ে গিয়েছিল ভারত-আমিনুল লড়াই। তাতে শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককেই। ১-০ গোলে দ্বিতীয় সেমি ফাইনাল জিতে বঙ্গবন্ধু সাফ ফুটবলের ফাইনালে উঠে গেছে ভারত।
প্রথমার্ধে একচেটিয়া প্রাধান্য ছিল ভারতের। গ্যালারিভর্তি দর্শকের সমর্থন সত্ত্বেও ৪৫ মিনিটে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিকদের। তারপরও কোনো গোল হয়নি শুধু আমিনুলের কৃতিত্বে। ভারতকে নিশ্চিত দুটি গোল থেকে বঞ্চিত করেন অনেকের মতে দক্ষিণ এশিয়ার সেরা এই গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে তার নৈপুন্যের কাছে বেশ কয়েকবার অসহায় মনে হয়েছে ভারতীয়দের। গোল না পাওয়ার হতাশা কয়েকবারই পুড়িয়েছে তাদের। শুধু একটিবার আমিনুল আর পেরে ওঠেননি। ৬১ মিনিটে রবার্টের ফ্রি কিক বোকা বানায় তাকে। সেই গোলই ফাইনালে নিয়ে গেছে বর্তমান রানার্সআপদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/ ২১৩৫ ঘ.
bdnews24