ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল হয়তো কায়মনে মালদ্বীপের পরাজয় কামনা করেছে। কিন্তু হয়েছে উল্টো। বুধবার গ্র"প পর্বের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন হয়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করেছে মালদ্বীপ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ 'বি' গ্র"প রানার্সআপ শ্রীলঙ্কা। শুক্রবার বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলবে এই দুই দল।
হারলেই বিদায় -- মালদ্বীপের তা জানাই ছিল। ড্র হলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতো বাংলাদেশ। সেই ঝুঁকি এড়াতেই বোধহয় জয়ের জন্য মরিয়া ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ মিনিটে এগিয়েও যায়। বক্সের ভেতরে আশফাগ আলীর ঠেলে দেয়া বলে জোরালো শটে লক্ষ্য খুঁজে নেন আহমেদ তরিক।
সমতায় ফেরার চেষ্টা কম ছিল না বর্তমান রানার্সআপদের। কিন্তু মালদ্বীপ তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি। ২৭ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো তারা।
বিরতির পর ৫৫ মিনিটে আরো একবার গোল বঞ্চিত হলেও ৮৩ মিনিটে ফাজেল ইব্রাহিমের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মালদ্বীপ। আশফাগ আলীর কর্ণার, ভারতের গোলরক্ষক বলের নিয়ন্ত্রণ হারালে পেছনে অপেক্ষায় থাকা ফাজেল সাইডভলিতে দলের জয় নিশ্চিত করেন।
অবশ্য ৬১ মিনিটে বলবন্ত সিং লাল কার্ড (দুটি হলুদ কার্ড) দেখায় বাকি সময় দশ জন নিয়ে খেলতে হয় ভারতকে। বাকি ২৯ মিনিট তাই রক্ষণাত্মক খেলতে হয়েছে তাদের।
যদিও ওই লাল কার্ড দেখানোর যৌক্তিকতা খুঁজে পাননি ভারতের কোচ সুখবিন্দর সিং। ম্যাচ শেষে ক্ষোভ নিয়েই বললেন,"লাল কার্ড পাওয়ার মতো তেমন কিছু করেনি বলবন্ত। রেফারি এমন সিদ্ধান্ত না নিলেও পারতেন।"
তবে দলের সামগ্রিক পারফর্ম্যান্সে খুশি হতে পারেননি সুখবিন্দর সিং। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন,"আমাদের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নিলেও শেষমেষ দশজন নিয়ে আর পেরে উঠিনি।"
অন্যদিকে দল যা খেলেছে তাতে মালদ্বীপ কোচ আরবানিয়া ইস্তভান খুশি,"আগের দু ম্যাচের চেয়ে এ ম্যাচে ভালো খেলেছে ছেলেরা। বোঝা-পড়া ভালো ছিল। বেশ ক'জন সিনিয়র খেলোয়াড় এখনও শতভাগ দিতে পারছে না। তারা জ্বলে উঠলে খেলা আরো ভালো হবে। তারপরও আমি ছেলেদের ওপর খুশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩০ ঘ.
bdnews24