২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে ভারত

ভাল খেলেও হেরে গেল নেপাল। অন্যদিকে ১-০ গোলে ম্যাচ জিতে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। টানা দু ম্যাচ জেতায় তাদের কাছে পুরো ৬ পয়েন্ট। দু ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেও সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা নেপালের এখনো আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাল খেলেও হেরে গেল নেপাল। অন্যদিকে ১-০ গোলে ম্যাচ জিতে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। টানা দু ম্যাচ জেতায় তাদের কাছে পুরো ৬ পয়েন্ট। দু ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেও সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা নেপালের এখনো আছে। তবে দুটো 'যদি'র ওপর নির্ভর করছে তাদের সেমিফাইনাল। গ্র"পের শেষ ম্যাচে ভারতের কাছে মালদ্বীপকে হারতে হবে এবং আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে তাদের। তারপর শুরু হবে হিসেব-নিকেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় আক্রমন-পাল্টা আক্রমনে দারুণ জমে উঠেছিলো ম্যাচ। নবম মিনিটে ভারতের গোল মুখে হানা দেয় নেপাল। দর্শক সমর্থনও ছিল তাদের অনুকূলে। তাই বলে দমে যায়নি ভারত। বক্সের বাইরে ফ্রিকিক পেয়ে তা থেকে গোলও আদায় করে নেয়। ১৮ মিনিটে এভাবেই ম্যাচের একমাত্র গোলটি করেন জীবন সিং। তার জোরালো শট নেপালের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে ক্রস বারে আঘাত করে চলে যায় গোলরক্ষক বিকাশ মালার কাছে, কিন্তু কয়েকবারের চেষ্টার পরও নিয়ন্ত্রণে নিতে না পারায় বল জড়িয়ে যায় জালে। ম্যাচের বাকি সময়ে গোল শোধের বেশ কিছু সুযোগ পেয়েছে নেপাল, কিন্তু একটাও গোলে রূপান্তরিত হয়নি। দ্বিতীয়ার্ধে বলতে গেলে একচেটিয়া প্রাধান্য ছিল নেপালের। ম্যাচ শেষে তাই প্রতিপক্ষের প্রশংসাই করলেন ভারতের কোচ সুখবিন্দর সিং। তার দৃষ্টিতে টুর্নামেন্টের অন্যতম কঠিন ম্যাচ হয়েছে এটি,"এমন ম্যাচে কোনো দলকেই এগিয়ে রাখা যায় না। আজ যে কেউ জিততে পারতো। আমরা আগে গোল পেয়ে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পেরেছি এই যা। নেপালের আক্রমনের চাপে শেষ পর্যন্ত রক্ষণাত্মক খেলতে হয়েছে আমাদের।" ওদিকে ম্যাচ হেরে হতাশ নেপালের কোচ কৃষ্ণ থাপা। সাংবাদিকদের অনুরোধে শেষ পর্যন্ত শুধু বললেন,'আমার দল খুবই ভালো খেলেছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩২৬ ঘ.