ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্র করলে চলে, তবু জয়ই আশা করছে বাংলাদেশ। শ্রীলঙ্কাও ভাবছে জয় নিয়ে। মঙ্গলবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে 'বি' গ্র"পের শেষ ম্যাচটি খুব জমবে এটুকু অন্তত ধরেই নেয়া যায়।
বাংলাদেশের কোচ শহিদুর রহমান শান্টুও আশা করছেন ম্যাচ জমবে এবং জিতবে বাংলাদেশ। তার মতে,'কঠিন ম্যাচটি খেলে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মতো অতটা ভয়ঙ্কর হবে না শ্রীলঙ্কা। তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। ভাগ্যের জোরে নয়, সামর্থ দিয়েই সাফল্য বয়ে আনবে খেলোয়াড়রা।'
শ্রীলঙ্কার বিপক্ষে রণকৌশলও তৈরি করেছেন শান্টু। তাদের ফরোয়ার্ড ইবি চান্না, কাসুন জয়াসুরিয়া এবং অধিনায়ক এসকে চাতুরার ওপর নজর রাখার কথা ভাবছেন। এতেই তাদের ছন্দ পতন হবে বলে তার ধারণা। বাংলাদেশের একাদশও সাজিয়েছেন আক্রমনাত্মক পরিকল্পনা নিয়ে।
কোচের কথার সুর ধরেই অধিনায়ক আমিনুল হক বলেন,"আমরা জানি শিরোপা জিততে চাইলে কোন ম্যাচ হারা যাবে না। শ্রীলঙ্কা আমদের মানেরই দল। তারাও চাইবে গ্র"প চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনাল খেলতে, আমাদের পরিকল্পনাও তাই। সে ক্ষেত্রে জয়ের বিকল্প ভাবার কোন অবকাশ নেই।"
এদিকে সামর্থের বিচারে শ্রীলঙ্কার মাঝ মাঠ এবং আক্রমনভাগের খেলোয়াড়দের এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক আমিনুল। তাই তারও ধারণা এই দুই জায়গাতে 'ম্যান মার্কিং'-এ যেতেই হবে বাংলাদেশকে।
ঊাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো, গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে না-ও দেখা যেতে পারে ফরোয়ার্ড জাহিদ হোসেন এমিলিকে। বাঁ পায়ের উরুর পেশিতে টান পড়ায় পাকিস্তানের বিপক্ষেই স্বাভাবিক খেলা খেলতে পারেননি তিনি। এমিলি জানান, এখনো সেখানে ব্যথা অনুভব করছেন। গ্র"পের শেষ ম্যাচ খেলার ব্যাপারে তার মনেও জমে আছে শঙ্কার মেঘ। এমিলি না খেললে তার জায়গায় খেলতে পারেন কোমল বা মিঠুন চৌধুরী।
শ্রীলঙ্কার কিন্তু এমন কোনো চোটসমস্যা নেই। তারপরও একাদশে দু থেকে তিনটা পরিবর্তন আনার কথা ভাবছেন কোচ সামপাথ পেরেরা। টানা দু ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্র"প চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের বিপক্ষে নূন্যতম ড্র আশা করছেন তিনি। কোচ জানালেন শেষ ব্যবস্থা হিসেবে ড্রয়ের চিন্তাটা মাথা থেকে তারা সরাননি, 'আমরা জানি বাংলাদেশ কমপক্ষে ড্রয়ের লক্ষ্য নিয়ে খেলবে। আমাদের লক্ষ্যও জয় এবং না পারলে ড্র।'
ওদিকে আমিনুল যা-ই ভাবুন শ্রী লঙ্কার কোচ পেরেরা কিন্তু এগিয়ে রাখছেন বাংলাদেশের আক্রমণ ভাগকেই। সঙ্গে এ-ও বললেন, স্বাগতিক হওয়ার সুবিধা হিসেবে দর্শক সমর্থনও পাবে বাংলাদেশ যা কিনা যে কোনো দলের জন্যই বাড়তি সুবিধা।
পরিসংখ্যানেও কিন্তু বাংলাদেশ এগিয়ে। নিজেদের মধ্যে এ পর্যন্ত ম্যাচ হয়েছে ১০টি, তার আটটিতেই জিতেছে বাংলাদেশ। বাকি দুটিতে জিতেছে শ্রীলঙ্কা। তবে স্বাগতিকদের দুশ্চিন্তা বাড়াতে পারে একটি তথ্য। সর্বশেষ ম্যাচ দুটোতেই কিন্তু শ্রীলঙ্কা জিতেছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৫৪ ঘ.
bdnews24