লন্ডন, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পার ও এভারটনের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফুলহাম। ওদিকে ইতালিয়ান ফুটবল লিগ 'সিরি-এ'-তে রোমা ১-০ গোলে হারিয়েছে ল্যাজিওকে। ফিওরেন্টিনা জয় পেয়েছে ২-০ গোলে, প্রতিপক্ষ ছিল আটলান্টা।
পয়েন্ট তালিকায় টটেনহামের অবস্থান চতুর্থ, অপরদিকে ১৫তম স্থানটি এভারটনের। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলা টটেনহাম এভারটনের বিপক্ষেও শুরুটা করেছিল দারুন। প্রথমার্ধে কোন গোল না পেলেও এভারটনকে চাপে রেখেছিল তারা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে জারমেইন ডিফো ও মিচেল ডসনের গোলে ম্যাচ নিজেদের হাতে মুঠোয় নিয়ে নেয় টটেনহাম। কিন্তু দুর্দান্ত লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচে ফিরে আসে এভারটন। বদলি লুইস সাহা ও অধিনায়ক টিম কাহিরের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা। শেষ মুহুর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচটি। শেষ মিনিটে পেনাল্টি পেয়ে যায় টটেনহাম। জারমেইন ডিফোর বা দিকে নেয়া পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এভারটন ও যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড, আর এভারটনকে পাইয়ে দেন মূল্যবান একটি পয়েন্ট।
অন্য ম্যাচে ববি জামোরার গোলে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফুলহাম।
'সিরি এ'-তে ১০ জনের রোমাকে বাঁচিয়েছেন বদলি খেলোয়াড় মার্কো কাসেট্টি। তার ৭৮ মিনিটের গোলে ল্যাজিওকে ১-০ গোলে হারিয়েছে রোমা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে সরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়া ফিওরেন্টিনা ভার্গাস ও গিলার্দিনোর গোলে ২-০ গোলে জিতেছে আটলান্টার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১১৪৮ঘ.
bdnews24