ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলশূন্য ড্র, পয়েন্ট ভাগাভাগি করে নিলো বাংলাদেশ-পাকিস্তান। দু ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে স্বাগতিকরা কিঞ্চিত সুবিধাজনক অবস্থায় থাকলেও সমান ম্যাচে এক পয়েন্ট নিয়েই সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। টানা দু ম্যাচ জেতা শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় 'বি' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী নির্বাচিত হবে বাংলাদেশ আর পাকিস্তানের শেষ ম্যাচে।
সেখানে পাকিস্তানের জন্য ভুটান সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশ পাচ্ছে শ্রীলঙ্কাকে। প্রতিপক্ষ হিসেবে তারা যে কঠিন তাতে আর সন্দেহ কি। তবে একটা সুবিধা আছে, ওই ম্যাচে ড্র করলেও সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। তবে হেরে গেলে প্রথম রাউন্ড পেরোবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হেরে যাওয়া পাকিস্তান সে কারণে নিজেদের শেষ ম্যাচে গোল-উৎসবে মাতার চেষ্টা করবেই।
রোববার জয়ের জন্য দু'দলই ছিল মরিয়া। তাই আক্রমণ পাল্টা আক্রমনের উত্তেজনা ছিল ম্যাচে। তারপরও ৯০ মিনিটেও গোল-বন্ধ্যাত্ব কাটেনি।
সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের জন্য পাকিস্তানকেই একটু বেশি মরিয়া মনে হয়েছে। ম্যাচের শুরু থেকেই তুলনায় একটু বেশি আক্রমনাত্মকও ছিল তারা। বল নিয়ন্ত্রণেও তাদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ!
অথচ সুযোগ কাজে লাগাতে পারলে ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো আমিনুল-বাহিনী। কিন্তু বক্সের ভেতর থেকে নেয়া এনামুলের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে আরেকটা ভালো সুযোগ এসেছিল ৪০ মিনিটে, বক্সের বাঁ দিক থেকে তীব্র শট নেন উজ্জ্বল, কিন্তু কর্ণারের বিনিময়ে সে যাত্রা পাকিস্তানকে বিপদমুক্ত রাখেন রক্ষণভাগের এক খেলোয়াড়।
দ্বিতীয়ার্ধেও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪৮ মিনিটে উজ্জলের কর্ণার থেকে ভেসে আসা বল এনামুল চমৎকার হেড নিলেও গোল মুখে প্রাচীর হয়ে দাঁড়ান মাহমুদ আলী। তবে সবচেয়ে ভালো সুযোগ তৈরি করেছিলেন নাসির। কিন্তু বক্সের ডান দিক থেকে তিনি গোলমুখে বল ফেললেও তাতে পা লগাতে পারেননি জাহিদ হোসেন এমিলি।
শেষ দিকে ম্যাচে পাকিস্তানের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। তাই শেষ বাঁশি বাজার সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের হাত তুলে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়, যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা। বোঝা যায়, ড্র'তেই তারা খুশি।
কোচ শহিদুর রহমান শান্টু তা স্বীকারও করেছেন, খুশি হওয়ার কারণটা খুবই যৌক্তিক, "হারলে সেমিফাইনালের সম্ভাবনা ক্ষীণ হয়ে যেত। ড্র করায় চার পয়েন্ট নিয়ে আমরা সুবিধাজনক অবস্থায় আছি। শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই চলবে।"
বাংলাদেশ দল যে ভালো খেলেনি তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন শান্টু। খারাপ খেলার কারণ ব্যাখ্যা করেছেন এভাবে,"আমরা পরিকল্পনা মতো খেলতে পারিনি। বিশেষ করে মাঝমাঠে আমাদের নিয়ন্ত্রনই ছিল না। ফলে দ্বিতীয়ার্ধে পুরো রক্ষণাত্মক খেলার সিদ্ধান্ত নেই। সে কারণেই পাকিস্তান এতটা চাপিয়ে খেলতে পেরেছে। তবে পরের ম্যাচে এমন হবে না।"
পাকিস্তানের প্রশংসাও শোনা গেছে বাংলাদেশ কোচের মুখে।
ওদিকে বাংলাদেশের সাবেক এবং বর্তমানে পাকিস্তানের কোচ জর্জ কোটান সংবাদ সম্মেলনে এসেছিলেন চরম বিরক্তি আর হতাশা নিয়ে। কথা বলতেই রাজি ছিলেন। শেষে বললেন,"ছেলেদের এটা দ্বিতীয় ম্যাচ ছিল। তারা যা করেছে মন্দ নয়। বেশি কিছু বলতে চাই না, তাতে পাকিস্তান ফুটবল ফেডারেশন ক্ষেপে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩০৩ ঘ.
bdnews24