ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করায় খেলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে দিলেন কোচ কৃষ্ণ থাপা। সংবাদ সম্মেলনে এএফসি ওয়েব সাইটে দু দলের জয়ের সম্ভাবনা নিয়ে দর্শক জরিপের ফলাফল তুলে ধরে সব হিসেব উল্টে দেয়ার খুশিও প্রকাশ করলেন নেপাল দলের কোচ।
ওয়েব সাইটে মালদ্বীপের পক্ষে পড়েছিল একশ'রও বেশি ভোট, অথচ নেপালের পক্ষে ১৪! ফুটবলামোদীদের ভুল প্রমাণ করতে পারায় কৃষ্ণ থাপা ভীষণ খুশি, এখন সেমিফাইনালের স্বপ্ন তার চোখে,"ছেলেরা দরুণ খেলেছে। আমরা এখন সেমিফাইনালে স্বপ্ন দেখতে পারি। আমাদের বেশির ভাগ ফুটবলারের এ মাঠে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) অভিষেক হলেও চ্যাম্পিয়ন মালদ্বীপের চেয়ে আজ আমরা ভালো খেলেছি।"
অন্যদিকে মালদ্বীপের কোচ আরবানিয়া ইস্তভান বেলা বললেন উল্টো কথা। পয়েন্ট ভাগাভাগি করাকে দলের ব্যর্থতা হিসেবেই দেখছেন, বললেন,"যাদের ওপর আস্থা ছিল তারা কেউ-ই সামর্থ অনুযায়ী খেলতে পারেনি। আরো অনেক ভালো খেলা আশা করেছিলাম আমি।"
তবে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পারফর্ম্যান্স নিয়ে যতনা আলোচনা হয়েছে তার চেয়ে বেশি সমালোচনা হয়েছে রেফারি আব্দুল হান্নান মিরনের। দু দলের কোচই রেফারির বেশ কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। কৃষ্ণ থাপা তো বলেই দিলেন, রেফারি অফসাইড বলে তাদের দ্বিতীয় গোলটি বাতিল করে দিয়েছে, নইলে জয় নিয়েই মাঠ ছাড়তো নেপাল।
মালদ্বীপের কোচও দুষলেন মিরনকে,"খুবই হতাশাজনক কিছু সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। আন্তর্জাতিক ম্যাচে এটা আশা করা যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৮ ঘ.
bdnews24