ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। তাই জয় ছাড়া অন্য কোনো ভাবনাকে আমল দেয়ার সুযোগ কোথায়? সে আশাতেই রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্র"পে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলেই সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।
পরিসংখ্যানকে মানদণ্ড ধরলে এ ম্যাচে কোনো ফেবারিট নেই। নিজেদের মধ্যে আগের ১১টি ম্যাচে পাঁচটি করে জয় পেয়েছে দু দলই, বাকি ম্যাচটি ড্র। তবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। আর সব বাদ দিলেও স্বাগতিক তো...!
আরেকটি কারণ নিজেদের প্রথম ম্যাচ। সেখানে পাকিস্তান ১-০ গোলে হেরেছে শ্রীলঙ্কার কাছে, অন্যদিকে বাংলাদেশ একরকম গোল উৎসবে মেতে শুক্রবার ভুটানকে হারিয়েছে ৪-১ গোলে। এর অর্থ হলো, বাংলাদেশ আত্মবিশ্বাসে বলীয়ান আর পাকিস্তান এখনো নিজেদের খুঁজে ফিরছে।
বাংলাদেশ কোচ শহিদুর রহমান শান্টুর আশা এ ম্যাচেও ভালো খেলে জয় পাবে তার দল,"ভুটানের চেয়ে অনেক ভালো দল পাকিস্তান। কিন্তু আমাদের লক্ষ্য একটাই আর তা হলো জয়। আশা করি ফুটবলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করবে এবং আমরা জিতবো।"
অধিনায়ক আমিনুল হক মনে করেন দলের সবাই সেরা খেলাটা খেললে রোববারও জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
পাকিস্তানের জন্য এটি বাঁচা-মরার লড়াই। বাংলাদেশের কাছে হারলে সেমিফাইনাল যাওয়ার পথ অনিশ্চিত এবং আগে-ভাগে দেশে ফেরাটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে।
রোববার একই মাঠে দিনের প্রথম ম্যাচে বর্তমান রানার্সআপ শ্রীলঙ্কা খেলবে ভুটানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৪৭ ঘ.
bdnews24