ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিল ভারত। অন্যদিকে সারাক্ষণ দাপটের সঙ্গে খেলেও শূন্য ঝুলি নিয়েই মাঠ ছাড়তে হলো আফগানিস্তানকে।
গোলাগুলির শব্দ শুনে আর বারুদের গন্ধ শুকে যাদের দিন কাটে সেই আফগানদের কাছে এত ভালো ফুটবল খুব বেশি লোকের প্রত্যাশায় ছিল না। তরুণ দল নিয়ে এলেও আশা ছিল ভারতের কাছে, অথচ তারাই করেছে হতাশ। স্রেফ ভাগ্যদেবী সহায় ছিলেন না বলেই ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় জে জে লালপেখুলার করা গোলে হেরে যেতে হয় আফগানিস্তানকে।
সংবাদ সম্মেলনে ভারতের কোচ সুখিন্দর সিংও তাই প্রতিপক্ষের প্রশংসা আর নিজেদের সমালোচনা না করে পারেননি," আমরা ভালো খেলিনি। আফগানিস্তান তাদের সেরাটাই খেলেছে। এর আগেও এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে তাদের সঙ্গে শেষ মুহূর্তের গোলে জিতেছি আমরা।"
হারলেও খেলোয়াড়দের পারফর্ম্যান্সে খুশি ইউসুফ কারগার। আফগান কোচের মতে, প্রস্তুতি যা হয়েছে তাতে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, "আমাদের কোনো প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ হয়নি। মাত্র দু সপ্তাহর অনুশীলন হয়েছে। ভারতের অভিজ্ঞতা অনেক। তারপরও ওদের বিপক্ষে আমরা যথেষ্ট ভালো খেলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৩ ঘ.
bdnews24