ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় প্রত্যাশিত ছিল, ভুটানের বিপক্ষে জিতেছেও বাংলাদেশ। যেনতেনভাবে নয়, জিতেছে ৪-১ গোলে! শুক্রবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে পাওয়া এই জয় ভুটানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। দুটি গোল করেছেন এনামুল আর বাকি দুটো প্রাণতোষ ও এমিলি। ভুটানের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নাওয়াং দেনদুপ।
পরিচ্ছন্ন, ভালো খেলা উপহার দেয়ার ইচ্ছে ছিলো কোচ শহিদুর রহমান শান্টুর। সমর্থকরা তা-ই পেয়েছেন। কোচের বেঁধে দেয়া ছকেই খেলেছে সবাই। বাংলাদেশকে এমন গোছানো ফুটবল খেলতে খুব কমই দেখা যায়।
শুরু থেকেই আক্রমণের চাপে টালমাটাল হয়ে পড়ে ভুটানের রক্ষণভাগ। ১১ মিনিটেই চলে আসে প্রথম সাফল্য, উজ্জলের কর্ণার থেকে ভেসে আসা বল অনেকের পা ঘুরে শেষে প্রতিপক্ষের জালে পৌঁছায় প্রাণতোষের আলতো টোকায়।
২৩ মিনিটে সেই প্রাণতোষের কাছ থেকে বল পেয়েই এনামুল বোকা বানান ভুটানের গোলরক্ষক লেকিকে।
৪২ মিনিটে আচমকা পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার নাসিরুল ইসলাম। ডি বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষ খেলোয়াড়কে, পরিণামে পেনাল্টির এবং সেই সুযোগে দেনদুপের গোল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এনামুল আরো একবার গোল উৎসবে মেতে ওঠেন। অবশ্য ম্যাচে নিজের দ্বিতীয় গাল করেই থামেননি, ৭২ মিনিটে এমিলিকে গোলের সুযোগ তৈরিও করে দেন তিনি। সবার মিলিত প্রয়াসে জয় এলেও ম্যাচ সেরার পুরস্কারটি তাই এনামুলেরই।
সন্ধ্যা সাতটার এ ম্যাচ শুরুর আগে সং্িক্ষপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে আসর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এর আগে বিকেলে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারায় শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৩৬ঘ.
bdnews24