ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেনা পরিবেশ, পরিচিত মুখগুলো দেখার পর আবেগ সামলাতে পারলেন না জর্জ কোটান। সংবাদ সম্মেলনে দ্বিধাহীন কন্ঠে আরেকবার সবাইকে জানিয়ে দিলেন বাংলাদেশই তার দ্বিতীয় বাড়ি। অনেক স্মৃতি এখনও তার মনে। তবে সব স্মৃতিই সুখকর নয়। সদ্য বিদায় নেয়া ব্রাজিলিয়ান কোচ ডিডোর মতো তার কাজেও যে অযাচিত হস্তক্ষেপ ছিল!
বাংলাদেশের ফুটবলে কোচ জর্জ কোটান এখনও উজ্জল নক্ষত্রের মতো। ১৯৯৯ সালে নেপাল সাফ গেমসে শিরোপা জয়ের রূপকার তিনি। আমিনুল হক, রজনীকান্ত বর্মণ, মেহেদী হাসান উজ্জল আর বিপ্লব ভট্টচার্য্যদের সঙ্গে হোটেল সোনারগাঁও-এর লবিতে দেখা হওয়ার পরই সেই মধুর স্মৃতি রোমন্থন করতে লাগলেন।
বয়সের ভাড়ে কিছুটা নুয়ে পড়েছে শরীর। অস্ট্রিয়ার এই কোচ কথায় কথায় জানালেন বাংলাদেশকে সাফল্য এনে দেয়ার পেছনের গল্প। বললেন, জাতীয় দল গড়তে গিয়ে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছিল তাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ তখনও ছিল। জর্জ কোটান সরাসরি বললেন, আরমান মিয়া আর মতিউর মুন্নর মতো দেশ সেরা মিডফিল্ডারদেরও জাতীয় দল থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিলেন তখনকার বাফুফে সভাপতি এসএ সুলতান। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্তদুজনকেই দলে রেখেছিলেন। এডসন সিলভা ডিডোর কাজে হস্তক্ষেপ আর তাকে বরখাস্ত করার খবর শুনে তাই অবাক হননি বাংলাদেশের ফুটবলকে বড় এক সাফল্য এনে দেয়া জর্জ কোটান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৮ ঘ.
bdnews24