ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলা উপভোগ করা গেলে সাফল্য আপনিতেই আসে। মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচ আরবানি ইসস্তভান বেলার ফুটবল-দর্শন ঠিক এ রকম। সাফ শিরোপা ধরে রাখার মূলমন্ত্রও মনে করছেন এটাকেই।
'আনন্দ নাও, দর্শকদেরও আনন্দ দাও' -- এই তত্ত্বের আলোকেই সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বেলা,"চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে আমি অবশ্যই চাইবো শিরোপা ধরে রাখতে। তবে উপভোগ্য ফুটবল খেলা চাই। আমার দল সেভাবেই খেলবে।"
বাহরাইনে চারটি এবং মালয়েশিয়ায় দুটি প্রদর্শনী ম্যাচ খেলার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছে মালদ্বীপ। ফলে দলে সমঝোতা আর আত্মবিশ্বাস যথেষ্টই বেড়েছে। অধিনায়ক আশফাক আলী তাই সবার ওপরেই রাখছেন মালদ্বীপকে, "আমরা দক্ষিণ এশিয়ার সেরা। শিরোপা ধরে রাখাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণের সামর্থ আছে আমাদের।"
পঞ্চম সাফের শিরোপাজয়ী দলের ৯ ফুটবলারের সঙ্গে নতুনদের নিয়ে গড়া হয়েছে দল। ১০ মাস ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে বেলার অনুমান এবারের দলটাই এ যাবত কালে মালদ্বীপের সেরা।
পাকিস্তান দলের কোচ জর্জ কোটান আর ম্যানেজার ড. কামরান মেহেদী সংবাদ সম্মেলনে একবারও শিরোপা জয়ের কথা মুখে আনেননি। বলেছেন, ভালো ফুটবল খেলতে চান তারা। এতে অবশ্য কারোই বোঝার বাকি থাকে না ভালো খেলার আরেকটা মানেই হলো ধাপে ধাপে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাওয়া।
বাংলাদেশের গ্র"পেই রয়েছে পাকিস্তান। বাংলাদেশের ফুটবল সম্পর্কে পরিস্কার ধারণা আছে কোটানের। অষ্টিয়ান এই কোচের হাত ধরেই ১৯৯৯ সালে সাফ গেমসে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে পৌঁছানোর দায়িত্ব নিয়ে এসেছেন কোটান।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগের প্রবাসী পাকিস্তানি ফুটবলারদের মধ্য থেকে ৫ জনকে নেয়া হয়েছে পাকিস্তান দলে। দুবাই, কাতার আর থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে সাজানো হয়েছে একাদশ। দলের প্রস্তুতি নিয়ে জর্জ কোটান মোটামুটি সন্তুষ্ট, "প্রস্তুতিটা মন্দ হয়নি। খুবই পরিশ্রম করেছে ফুটবলাররা।দলের (ইংল্যান্ডে খেলা) প্রবাসী ফুটবলারদের মানসিকতা ইংলিশদের মতোই।"
ওদিকে শ্রীলঙ্কা গ্র"পে বাংলাদেশ ছাড়া অন্য কোনো প্রতিপক্ষকে আমলেই নিতে চায়না। ভুটান আর পাকিস্তানের চেয়ে নিজের দলকে এগিয়ে রাখছেন কোচ সানপাথ পেরেরা, বললেন,"আমরা আগে সেমিফাইনালের কথা ভাবছি। বাংলাদেশ ছাড়া গ্র"পে অন্যরা সাধারণ মানের দল। আমরা অবশ্যই তাদের বিপক্ষে জিততে চাই।"
অধিনায়ক ছাথসিরা মাদুরাঙ্গা উইরাসিঙ্গের বিশ্বাস এবারও ফাইনালে খেলবে তার দল। আর সেই পর্যন্ত গেলে অধরা শিরোপাটাকে নিয়েই দেশে ফিরতে চায় গতবারের রানার্স-আপরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০৭ ঘ.
bdnews24