ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাই তাদের লক্ষ্য। মঙ্গলবার ঢাকা এসে এক প্রকার ঘোষণাই দিয়ে ফেললেন শ্রীলঙ্কার কোচ সামপাথ পেরেরা। দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্বের আসন নেবার সব যোগ্যতা তার দলের আছে বলেই বিশ্বাস করেন তিনি।
এক বছর হলো শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করছেন পেরেরা। খেলোয়াড়দের সামর্থ সম্পর্কে ভালোই ধারণা হেেয়েছ তার। এখন শুধু সেই সামর্থকে কাজে লাগানোর পালা। গত বারের অপ্রাপ্তি ভোলাতেই এবার তাদের ঢাকা আসা। গত আসরে রানার্স-আপ হয়েছিল শ্রীলঙ্কা।
পেরেরা মনে করেন প্রস্তুতিটা মন্দ হয়নি ১৯৯৫ সালের সার্ক ফুটবল চ্যাম্পিয়নদের। দেশে অনুশীলন তো হয়েছেই, ঢাকায় আসার পথে থাইল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি এবং দুটো প্রদর্শনী ম্যাচও খেলেছে। প্রস্তুতি পর্বে সব মিলিয়ে আটটি প্রদর্শনী ম্যাচ খেলার ব্যবস্থা করে দিয়েছে লঙ্কান ফুটবল ফেডারেশন। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট পেরেরা।
এমনিতে চোটের কারণে দলের সেরা স্ট্রাইকার মোহাম্মদ ফজলকে পাচ্ছেন না বলে কিছুটা আক্ষেপ করলেন কোচ। তারপরও নির্ভরযোগ্য দুই খেলোয়াড় চতুরা মাতুরাঙ্গা এবং কাসুন জয়াসুরিয়াসহ ২০ সদস্যের দল থেকে সেরা একাদশ সাজাতে বেগ পেতে হবে না বলেই মনে করেন।
শ্রীলঙ্কা শিরোপা স্বপ্ন দেখলেও টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন পেরেরা। বললেন,"বাংলাদেশে ভালো ফুটবল খেলা হয়। এছাড়া স্বাগতিক হওয়ার সুবিধা তো থাকছেই। এসব বিবেচনায় বাংলাদেশকেই আমি এগিয়ে রাখতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২২ ঘ.
bdnews24