ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠতে আর মাত্র চার দিন বাকি। অংশগ্রহণকারী দলগুলো ঢাকা আসার প্রস্তুতি নিতে শুরু করেছে। স্বাগতিক বাংলাদেশ দল এরই মধ্যে (সোমবার) হোটেল সোনাগাঁও উঠলেও বাকি সাত দলের মধ্যে মঙ্গলবার আসবে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ, রানার-আপ শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরের দিন ঢাকা পৌঁছানোর কথা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের। সেদিন আফগানিস্তান ও নেপাল দলেরও আসার কথা রয়েছে। কেবল ভুটান কবে আসছে তা জানাতে পারেনি আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সূচি আনুযায়ী উদ্বোধনী দিন ৪ ডিসেম্বর দু'টি ম্যাচ হওয়ার কথা। বিকেল চারটায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার একমাত্র আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের খেলা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। আট জাতির এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৪৮ ঘ.
bdnews24