ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব জলবায়ু দিবস (৭ ডিসেম্বার) সামনে রেখে পরিবেশ বিপর্যয় রোধে বাংলাদেশেও গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতি সংঘ। এ লক্ষ্যে বাফুফে একাদশ এবং কোপেনহেগেন একাদশের মধ্যে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে বাফুফে।
বাংলাদেশ লিগের বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে কোপেনহেগেন দল। অন্যদিকে বাফুফে একাদশে খেলবেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা।
বুধবার এক সংবাদ সম্মেলনে জাতি সংঘের স্বেচ্ছাসেবা কর্মসূচি কর্মকর্তা গোজিওট্টি বলেন,"বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ দেশকে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে। জনগণকে এ বিষয়ে সচেতন করে তোলার সহায়ক শক্তি হিসেবে আমরা তাই খেলাধুলাকে বেছে নিয়েছি। খেলোয়াড়দের মাধ্যমে এই বার্তা সবার কাছে পৌঁছে দেয়া সহজ হবে।"
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা সপ্তাহ হিসেবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে জলবায়ু নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করবে জাতি সংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৩ ঘ.
bdnews24