ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রদর্শনী ম্যাচে বাফুফে একাদশকে ২-০ গোলে হারিয়ে মনবল কিছুটা হলেও ফিরে পেলেন জাতীয় দলের ফুটবলাররা।
৭০ মিনিটে মিঠুনের গোলে এগিয়ে যায় জাতীয় দল। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান কোমল। দু'দিন আগেই শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হেরেছিলো জাতীয় দল।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বাড়াতে তিনটি প্রদর্শণী ম্যাচের আয়োজন করা হয়। দ্বিতীয় ম্যাচটি হয় মঙ্গলবার বিকেএসপি মাঠে। ম্যাচে জাতীয় দলের ফুটবলাররা আগের চেয়ে তুলনামূলক ভালো খেলেছ বলে দাবি করেন ম্যানেজার সত্যজিত দাস রুপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দেরিতে গোল হলেও বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল জাতীয় দলের কাছেই। আবার খেলোয়াড়দের কিছু কিছু ভুলও চোখে পড়েছে। সেগুলো শুধরে নিলেই দলের মধ্যে সমন্বয় বাড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫০ ঘ.
bdnews24