লন্ডন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার রাতের প্লে-অফ শেষে বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নিয়েছে ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, আলজেরিয়া, স্লোভেনিয়া ও উরুগুয়ে।
প্যারিসের স্ট্যাডে দে ফ্রান্স স্টেডিয়ামে ১৯৮৬ এর বিশ্বকাপ স্মৃতি ফিরিয়ে নিয়ে এসেছিলেন থিয়েরি অরি। ঐ বিশ্বকাপে ম্যারাডোনা বহুল আলোচিত হাত গোলে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যারাডোনার মত হাত দিয়ে গোল করেন নি অরি। তার হাত ছুঁয়ে যাওয়া বলে অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে হেড দিয়ে গোল করে ফ্রান্সকে বিশ্বকাপের মূলমঞ্চে নিয়ে গেছেন উইলিয়াম গালাস।
এর আগে রবি কিনের ৩৩ মিনিটের গোলে নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় পায় আইরিশরা। প্রথম লেগে নিজেদের মাঠে ফ্রান্সের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। দুই লেগ মিলে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর গালাসের বিতর্কিত সেই গোল এবং ২-১ গোলে পরাজয় নিয়ে আইরিশদের বিদায়।
স্বাগতিক বসনিয়া-হার্জেগোভিনার ১৫ হাজার সমর্থকদের হতাশায় ডুবিয়ে পর্তুগালকে আরাধ্য জয় এনে দিয়েছে রাউল মেইরেলেসের গোল। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ২-০ গোলের অগ্রগামিতা নিয়ে সহজে বিশ্বকাপে পৌছে গেছে পর্তুগীজরা।
দিমিত্রিস সালপিজিদিসের গোলে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে গ্রীস। ইউক্রেনের মাঠে আন্ডারডগ হিসেব নেমেও ভাল খেলে যোগ্য দল হিসেবে বিশ্বকাপে পৌছলো ২০০৪ ইউরোপ চ্যাম্পিয়নরা।
সুদানের নিরপেক্ষ মাঠে মিসরকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার শেষ দল হিসেবে বিশ্বকাপে পৌছে গেছে আলজেরিয়া।
অন্যদিকে রাশিয়াকে হারিয়ে অঘটন ঘটিয়েছে স্লোভেনিয়া। জাতকো দেভিচের গোল বিশ্বকাপে পৌছে দিয়েছে তাদের। প্রথম লেগে ২-১ গোলের জয় পেয়েছিল রাশিয়ানরা ; দ্বিতীয় লেগে স্লোভেনিয়া ১-০ গোলে জয় পাওয়ায় দুই প্লে-অফ ম্যাচ মিলে ২-২ গোলের সমতা দাড়ায়। রাশিয়ার মাঠে গোল করার সুবাদে বিশ্বকাপে জায়গা করে নেয় স্লোভেনিয়া।
নিজেদের মাঠে কোস্টারিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্লে-অফের দুই পর্ব মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকার সুবাদে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নিয়েছে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল উরুগুয়েও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১১৪০ঘ.
bdnews24