ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস-এ আরো ছয়টি স্বর্ণ পদক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসওসি)। বুধবার এসওসি'র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ২০১০ সালের এসএ গেমসে মোট স্বর্ণপদক থাকবে ১৪৩টি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন খেলায় মোট ১৬টি নতুন ইভেন্ট অর্ন্তভুক্ত করা হলেও ঠিক ১৬টি স্বর্ণ পদক বাড়বে না। তিনি বলেন,"একটি দেশ প্রতি খেলার ছয়টি ইভেন্টে অংশ নিতে পারবে। কিন্তু ঐ খেলায় ইভেন্ট অনেক বেশি থাকছে, গড় হিসেবে স্বর্ণ পদক অর্ধেকও বাড়ছে না।"
অ্যাথলেটিক্সে দু'টি, সাঁতার, বক্সিং, সাইক্লিং ও ভারোত্তোলনে একটি করে স্বর্ণ পদক বাড়ানো হয়েছে। এছাড়া সাঁতারে পুরষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের পরিবর্তে ৪০০ মিটার ফ্রি স্টাইল অর্ন্তভুক্ত করা হয়েছে।
৬ টি পদক বাড়লেও প্রতিযোগীর সংখ্যা ঠিকই থাকছে। ২৩টি খেলায় আট দেশের মোট ২ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন আসন্ন ঢাকা গেমসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৭ ঘ.
bdnews24