ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের আগে শনিবার দুটি প্রীতি ম্যাচের একটিতে ব্রাজিল জিতলেও অপরটিতে হেরেছে আর্জেন্টিনা।
কাতারের দোহায় নিলমারের দুরন্ত হেডে ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় ব্রাজিল। মাদ্রিদের খেলায় জাভি আলোন্সোর জোড়া গোলে হার মানতে হয় ম্যারাডোনার দলকে। তবে একটি গোল শোধ করেন মেসি।
হতে পারে প্রীতি ম্যাচ, তারপর সারা বিশ্বের ফুটবলমোদীদের চোখ ছিল এ দুটি ম্যাচের দিকে। ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামা মানেই চোখ ধাঁধানো ল্যাটিন সৌন্দর্যের অবলোকন। ব্রাজিলের খেলায় তার কিছুটা ছাপ থাকলেও ম্যারাডোরার শিবিরে তা ছিলো না।
দোহার খলিফা স্টেডিয়ামে ব্রাজিল-ইংল্যান্ডের ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। চোটের কারণে নিয়মিত একাদলের পাঁচ খেলোয়াড় ছাড়া মাঠে নেমেছিল ইংল্যান্ড। তারপরও প্রথমার্ধে ব্রাজিলের সাথে সমান তালে লড়েছে তারা।
আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ডুঙ্গার দল। মাঝমাঠ থেকে এলানোর ক্রস ডি-বক্সে খুঁজে পায় নিলমারকে। ভিলারিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিলমারের হেড ইংল্যান্ড গোলরক্ষক বেনজামিন ফস্টারকে ফাঁকি দিয়ে পৌছে যায় জালে।
এর কিছু সময় পরে ডিফেন্ডার ওয়েসলি ব্রাউনের ভুলে প্রায় গোল খেয়ে বসেছিল ইংল্যান্ড। তার ভুল ব্যাকপাস পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন নিলমার। অনিবার্য গোলের হাত থেকে দলকে বাঁচাতেই হয়তো নিলমারকে বক্সের মধ্যে ফেলে দেন ফস্টার, ফলাফল পেনাল্টি। তবে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইংল্যান্ড গোলরক্ষক। নিশ্চিত লাল কার্ডের জায়গায় পেয়েছেন হলুদ কার্ড, আর পেনাল্টি কিক বাইরে পাঠিয়ে দেন লুইস ফাবিয়ানো।
গোল শোধের আশায় শেষ দিকে ড্যারেন বেন্ট ও শন-রাইট-ফিলিপসকে সরিয়ে জারমেইন ডিফো ও পিটার ক্রাউচকে মাঠে নামান ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফাবিও ক্যাপেলো। কিন্তু শেষ রক্ষা হয়নি, ০-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
অপর ম্যাচে ছন্দহীন আর্জেন্টিনা স্পেনের কাছে না বলে জাভি আলোন্সোর কাছে হেরেছে বলাই ভালো হবে।
অসাধারণ একটি বাছাই পর্ব কাটিয়ে বিশ্বকাপের দৌড়ে নিজেদের শামিল করেছে স্পেনিশরা। অন্যদিকে আর্জেন্টাইনা বিশ্বকাপে উঠেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
স্পেনিশ কোচ ভিনসেন্ট দেল বস্কিউ এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে দলকে নামিয়ে ছিলেন ৪-৩-৩ ছন্দে। সেই পরীক্ষায় পুরোপুরি উত্তরে গেছেন তিনি। জাভি আলোন্সোর কারণে পুরোটা সময় মাঝমাঠ নিজেদের দখলে রেখেছিল স্পেন।
খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। মাঝমাঠ থেকে ইনিয়েস্তা, সিলভা ও জাভির পা ঘুরে বল চলে যায় বা প্রান্তে থাকা ভিলার কাছে। ভিলা বল বাড়িয়ে দেন বক্সে দাঁড়ানো সিলভার কাছে। সিলভার কাছ থেকে বল পেয়ে রোমেরো পাঠিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো জাভি আলোন্সোর কাছে। আলোন্সো ঠাণ্ডা মাথায় বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার জালে।
০-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ম্যারাডোনার দল খেলায় সমতা নিয়ে আসে ৬০ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। মনে হচ্ছিল ১-১ গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে গোল পেয়ে যায় স্পেন। ইনিয়েস্তাকে বক্সে ফেলে দেন ফার্নান্দ গ্যাগো। পেনাল্টি থেকে গোল করে মাঠ ভর্তি সমর্থকদের উল্লাসে ভাসান আলোন্সো। শেষ দিতে জেসাস নাভাস ও নেগ্রেদো গোটা দুয়েক সহজ সুযোগ হাতছাড়া না করলে আর বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো স্পেন।
এ পরাজয় সমালোচনার মুখে থাকা ম্যারাডোনাকে আরো বিপাকেই ফেললো। সেরা সেরা খেলোয়াড় নিয়ে ১১ মাস কাটানোর পরও ম্যারাডোনা দলের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারেননি বলেই অভিযোগ। এখন এ দল নিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তিনি কতদূর যেতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।
ইউরোপে আরেক প্রীতি ম্যাচে ইতালি ও নেদারল্যান্ডস গোলশূন্য ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১৩৪ ঘ.
bdnews24