২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুনানির আগেও অনড় ম্যারাডোনা

সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করায় বিশ্বকাপের সময় কোচ হিসেবে মাঠে ঢোকার সুযোগ না-ও পেতে পারেন ডিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

মাদ্রিদ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করায় বিশ্বকাপের সময় কোচ হিসেবে মাঠে ঢোকার সুযোগ না-ও পেতে পারেন ডিয়েগো ম্যারাডোনা। তাতে কী! ওই অভিযোগে রোববার ফিফার শৃঙ্খলা কমিটির মুখোমুখি হওয়ার আগেও ' আর্জেন্টাইন ফুটবল ইশ্বর' নিজের অবস্থানে অনড়। বরং আর্জেন্টিনাকে '৮৬-র বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা মনে করেন, তিনি অন্যায় আচরণের শিকার। তবে বরাবরের মতো পরিবার, সমর্থক আর রাস্তার অতি সাধারণ মানুষগুলো এখনো তার পাশে। এটাই তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় প্রেরণা। অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার জানিয়েছেন, এ মুহুর্তে তার একটাই কাজ আর তা হলো নিজের কাজে মন দেয়া। উরুগুয়ের সঙ্গে বাছাইপর্বের ম্যাচ শেষে নিজের দেশের সাংবাদিকদের উদ্দেশ্য করে নানা ধরনের কটূক্তি করেন ম্যারাডোনা। পরিণামে ১-০ গোলে ম্যাচ জিতে আর্জেন্টিনার বিশ্বকাপ মূল পর্বের টিকিট কাটার চেয়ে বড় হয়ে ওঠে তার ওই অস্বাভাবিক আচরণের খবর। রোববার এ জন্য সুইজারল্যান্ডে ফিফা সদর দপ্তরে হাজির হতে হবে তাকে। প্রকাশ্যে অশালীন আচরণের দায়ে পাঁচ ম্যাচের জন্য স্টেডিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ম্যারাডোনার ২০ হাজার ডলার জরিমানাও করা হতে পারে। অথচ বুধবার স্পেনের মার্কা পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বরং নিজের সাফাই গেয়ে সাংবাদিকদের সমালোচনাই করেছেন ম্যারাডোনা, "অনেক খারাপ কথা বলা হয়েছে। এমন অনেকেই আছেন যারা ফুটবল নিয়ে যাচ্ছেতাই কাণ্ড করেছেন।" আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, "আমি আমার দল, আমার পরিবার, আমার কন্যা ও রাস্তার সাধারণ লোকজনের কাছে আশ্রয় নিয়েছি। আর্জেন্টিনার সাধারণ লোকজন বরাবরের মতো এবারও আমাকে ভালবাসা দিয়েছে, অভিনন্দন জানিয়েছে।" উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচের দু'দিন পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছিলেন, (ম্যারাডোনার বিরুদ্ধে) শৃঙ্খলাভঙের অভিযোগে শুনানি হবে। বুধবার এ প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, "কেউ যদি একে (তার আচরণকে) খারাপভাবে নিতে চান, নিতে দিন।" বাছাইপর্বে বলিভিয়া, ইকুয়েডর, ব্রাজিল ও প্যারাগুয়ের কাছে হারায় আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্ব থেকে বাদ যেতে বসেছিল। দক্ষিণ আফ্রিকার টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। শেষ ম্যাচের আগ পর্যন্ত একরকম তোপের মুখেই ছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনা উরুগুয়েকে হারানোর পর তাই সাংবাদিকদের প্রতি ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় তাকে। সেই ঘটনারই রেশ চলছে এখনো। (এপির সহায়তায়) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১০৬ ঘ.