২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি খেলোয়াড়দের জন্য পুল থাকছে না

জাতীয় দলের খেলোয়াড়রা ঢাকা লিগে খেলবেন কিনা এ নিয়েই বিস্তর সংশয় ছিল। শেষে ক্লাবগুলোর দাবির মুখে লিগে খেলার অনুমতি পেলেও তাদের সামনে পুলের শর্ত জুড়ে দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের খেলোয়াড়রা ঢাকা লিগে খেলবেন কিনা এ নিয়েই বিস্তর সংশয় ছিল। শেষে ক্লাবগুলোর দাবির মুখে লিগে খেলার অনুমতি পেলেও তাদের সামনে পুলের শর্ত জুড়ে দেয় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। এ নিয়েও দেখা দেয় জটিলতা। জার্মানি থেকে ফিরে জাতীয় দলের খেলোয়াড়রা সোচ্চার হয়ে ওঠেন পুল প্রথার বিরুদ্ধে। অবশেষে হকি ফেডারেশনের সিনিয়ার সদস্য শামসুল বারি জানিয়েছেন জাতীয় দলের জন্য পুল প্রথা থাকছে না। রোববার ওয়ার্কিং কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। লিগের বাইলজ অনুযায়ী এ মৌসুমে পুল প্রথা থাকার কথা নয়। জাতীয় দলের ১৯ খেলোয়াড়কে পুলভুক্ত করার সিদ্ধান্ত নির্বাহী কমিটি থেকেই নেয়া হয়েছিল। এ নিয়ে শামসুল বারি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"জাতীয় দলের খেলোয়াড়দের উন্মুক্ত করার সিদ্ধান্ত ফেডারেশনের নির্বাহী কমিটির ওপরই ছেড়ে দিয়েছে ক্লাবগুলো। আমরা জাতীয় দলের ১৯ জনকেই উন্মুক্ত করে দেবো। এরপর লিগ কমিটি তাদের দলবদলের সময় বেঁধে দেবে।" পুল নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে হকি ফেডারেশনের। গত মৌসুমে পুলভুক্ত হয়ে কোনো দল না পাওয়ায় এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে ১১ জন খেলোয়াড়ই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন। এবারও তেমন কিছু হলে আসন্ন একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের জন্য জাতীয় দল গড়াই কঠিন হয়ে যেতো। তাই শামসুল বারি বললেন,"ফেডারেশন খেলোয়াড়দের সুবিধা-অসুবিধাই আগে দেখবে। খেলোয়াড়দের নিয়েই তো জাতীয় দল।" ১৯ খেলোয়াড়কে উন্মুক্ত করে দিলেও এ মৌসুমে ৫ জন বিদেশি খেলানোর সুযোগ থাকছে প্রত্যেক দলের। অনেক আগেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ায় এখন আর বিদেশি খেলোয়াড়ের কোটা কমানো সম্ভবন নয় বলে জানান বারি। তবে তিনি এ-ও জানান, রোববারের সভায় খেলোয়াড় নিবন্ধনের সীমা ২০ থেকে বাড়িয়ে ২৩-২৪ জনে নিয়ে যাওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৫২ ঘ.