২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের কথা ভাবছেন তেভেজ!

যে বয়সে একজন ফুটবলারের ক্যারিয়ার তুঙ্গে থাকার কথা, ঠিক সেই বয়সেই অবসরের কথা ভাবছেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ। কোচ ম্যারাডোনার পছন্দের প্রথম একাদশে সুযোগ না পাওয়ার হতাশাই নাকি তাকে এ ধরনের চিন্তার দিকে ঠেলে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

বুয়েনস আইরেস, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে বয়সে একজন ফুটবলারের ক্যারিয়ার তুঙ্গে থাকার কথা, ঠিক সেই বয়সেই অবসরের কথা ভাবছেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ। কোচ ম্যারাডোনার পছন্দের প্রথম একাদশে সুযোগ না পাওয়ার হতাশাই নাকি তাকে এ ধরনের চিন্তার দিকে ঠেলে দিচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির এ খেলোয়াড় অবশ্য কোচের আস্থা হারানোর জন্য নিজেকেই দায়ী করেন," আমার সুযোগ ফুরিয়েছে। আমার সম্ভাবনা ছিল কিন্তু আমি তার বাড়তি সুবিধাটুকু নিতে পারিনি। যখন দলের গোল প্রয়োজন হয়েছে, আমি তার যোগান দিতে পারিনি। তো এ অবস্থায় দলের অন্য ছেলেরা আমার চেয়ে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক।" তার বদলে ম্যারাডোনা দলে নিয়েছেন গঞ্জালো হিগুইয়ানকে। শনিবার মাদ্রিদে এক প্রীতি ম্যাচে স্বাগতিক স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তার আগে আর্জেন্টিনার এক সাংবাদিককে তেভেজ নিজের অবসর গ্রহনের চিন্তার কথা জানাতে গিয়ে বলেন," ব্যাপারটা জটিল। আর্জেন্টিনায় আমার পরিবার রয়েছে, তাই বোকা জুনিয়র্সেই ফিরে যাওয়ার ইচ্ছা আছে। অবশ্য যদি আমরা বিশ্বকাপ জিততে পারি, তবে বুট জোড়া তুলেও রাখতে পারি, হ্যাঁ ওই ভাবনাও মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যদিও ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার ২০১৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।" অবসর-ভাবনার পেছনে ক্লান্তিকেও একটা কারণ হিসেবে উল্লেখ করেছেন তেভেজ," এত বেশি ফুটবল খেলে আমি সত্যিই ক্লান্ত। আমার পরিবারের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে চাই। এখন আমি থামতে চাই। শান্ত হয়ে যেতে চাই। এরই মধ্যে ফুটবল থেকে বহু কিছু পেয়েছি। তাই সব পেয়েই ফুটবল ছাড়া হবে আমার।" তেভেজ ইতিমধ্যে টানা তিনবার দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। বোকা জুনিয়র্সের হয়ে জিতেছেন লিবার্তাদোরেস এবং বিশ্ব ক্লাব কাপ শিরোপা। ২০০৫ সালে করিন্থিয়ান্সের হয়ে জিতেছেন ব্রাজিলের লিগ শিরোপা এবং ২০০৪ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছেন অলিম্পিক সোনা। ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে দু'বার ইংলিশ লিগ জেতাতে সাহায্য করেছেন। গতবছর চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্ব ক্লাব কাপও জিতিয়েছেন তাদের। এর আগে গতমাসেও অবশ্য জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন তেভেজ। তবে তখন তা চেয়েছিলেন বিশ্বকাপের মূল পর্বে না ওঠার আশঙ্কা জাগানো ম্যারাডোনার দলের প্রতি আর্জেন্টিনা ভক্তদের সমালোচনার হাত থেকে বাঁচার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৫০ ঘ.