বার্লিন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জার্মানির গোলরক্ষক রবার্ট এঙ্কে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় হ্যানোভারের কাছে একটি লেভেল ক্রসিংয়ে তার লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, জার্মান জাতীয় দল ও হ্যানোভার ৯৬-এর এই খেলোয়াড় আত্মহত্যা করেছেন। ৩২ বছর বয়সী এঙ্কে দেশের হয়ে আটটি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিায় ২০১০ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপেও তার জার্মানির প্রতিনিধিত্ব করার সম্ভাবনা ছিল। বুন্ডেসলিগার নিয়মিত দল হ্যানোভারে যোগ দেয়ার আগে এঙ্কে স্পেন, তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রাখেন।
বুধবার লোয়ার স্যাক্সনি পুলিশের মিডিয়া কর্মকর্তা বলেন, "প্রাথমিকভাবে যেসব আলামত পাওয়া যাচ্ছে তাতে একে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।"
এদিকে হ্যানোভার পুলিশের মুখপাত্র স্টেফান বিটকে জানান, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ায় এঙ্কের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
অকালে মৃত্যুবরণ করা গোলরক্ষকের বন্ধু ও পরামর্শদাতা জোয়ের্গ নেবলুংয়েরও ধারণা তার বন্ধু আত্মহননের পথই বেছে নিয়েছেন, "আমি নিশ্চিত যে ও আত্মহত্যা করেছে।" তবে কী হয়েছিল, কেন এঙ্কে আত্মহত্যা করলেন-এসব ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। হ্যানোভার - ৯৬-এর প্রেসিডেন্ট মার্টিন কিন্ড অবশ্য বলেছেন, বুধবারের মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
রবার্ট এঙ্কের মৃত্যুতে জার্মান ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে।
ডয়েচে ভেলের সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০১৯ ঘ.
bdnews24