ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন বিদেশী কোচও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে হাসি মুখে বিদায় নিয়েছেন এমন নজির খুঁজে পাওয়া মুশকিল। এ ব্যর্থতা কোচদের না বাফুফে কর্মকর্তাদের ? অতীত অভিজ্ঞতা থেকে কারো ধারণা হতে পারে কোচদের এভাবে বিদায় দেয়া বাংলাদেশের ফুটবল সংস্কৃতিরই অংশ। ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকেও চুক্তির মেয়াদ পূর্তির আগেই সোমবার চাকরি হারাতে হয়। পরের দিন ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে বলা হয়, ব্রাজিলিয়ান কোচ অসৎ, একগুঁয়ে আর বদমেজাজি। কথাগুলো লিখিতভাবেই বলেছেন বাদল রায়,"জাতীয় দল নির্বাচনে সততার পরিচয় দেননি ডিডো। তিনি আমাদের অনুরোধও উপেক্ষা করেছেন। ফুটবলের বৃহত্তর স্বার্থে একজন অসৎ কোচকে আমরা রাখতে পারিনা।"
অথচ কোচ তাড়ানোর সংস্কৃতি থেকে এবার বেরোতে চেয়েছিলেন বলেই দাবি বাফুফে কর্মকর্তাদের। বাদল রায়ের মতে ডিডোই তাদের সে সুযোগ দেননি।তিনি বলেন ,"অতীতে আমরা কোনো কোচকেই ভালোভাবে বিদায় দিতে পারিনি। তাই চেয়েছিলাম ডিডোর বেলায় তেমনটি না ঘটুক। কিন্তু কী করবো, তিনি তো কারো কথাই শোনেন না।"
এরপরই সংবাদ সম্মেলনে প্রশ্নবানে জর্জরিত হন বাদল রায়। এক পর্যায়ে দিশেহারা হয়ে ফুটবলের জন্য ইতিবাচক কিছু লেখার অনুরোধ জানিয়ে শেষ করেন সংবাদ সম্মেলন।
সেই দুপুর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডিডো। সম্ভবত বরখাস্ত হওয়ার লজ্জা এড়াতেই সাংবাদিকদের সামনে এলেন না বিদায়ী কোচ। ডিডোর সঙ্গে কী আলোচনা হয়েছে তার কিছুই জানালেন না সালাউদ্দিন। শুধু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কথার সুর ধরে বললেন,"কোচ আসবে, কোচ যাবে এটাই ফুটবল দুনিয়ার নিয়ম। ভালো করলে সম্মান পাবেন আর মন্দ কাজের জন্য তিরস্কার তো জুটবেই। বাফুফে কোচের কাজে হস্তক্ষেপ করে না, তবে কেউ অসৎ হলে বরখাস্ত অবধারিত।"
ডিডোর অপসারন প্রসঙ্গে জানতে চাইলে কাজী সালাউদ্দিনও বলেন, এ ক্ষেত্রে দেশের স্বার্থই দেখা হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গড়া দলে ডিডো অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই রাখেননি এ অভিযোগ তারও। বাফুফে সভাপতি আরো বলেন,"বাফুফে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন সবাইকেই মেনে চলতে হবে। তিনি সেভাবে চলছেন না।"
এদিকে ডিডো বাদ দিলেও তাকে অব্যাহতি দেয়ার পরপরই রজনী কান্ত বর্মণ, জাহিদ হোসেন, বিপ্লব ভট্টাচার্য্য, আরিফুল ইসলাম আরিফ, জাহেদ পারভেজ চৌধুরী ও আরমান আজিজকে ডাকা হয়েছে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। এদের অনেককে বাদ দেয়ার পেছনে কোচ খারাপ পারফর্ম্যান্সের উল্লেখ করেছিলেন বলেও জানান বাদল রায়। যদিও বাদল রায়ের মতে, ফেডারেশন কাপ এবং লিগে বাদ পড়াদের অনেকেই চোখে পড়ার মতো পারফর্ম করেছেন। তারপরও তাদেরকে বাদ দেয়ার পেছনে জুলাই মাসে কোচের সঙ্গে ঘটে যাওয়া আট ফুটবলাররে সেই অনাকাঙ্খিত ঘটনাকেই এখন সামনে নিয়ে আসছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
জুলাই মাসে বিকেএসপির আবাসিক ক্যাম্পে ডিডোর নির্দেশ অমান্য করে প্রশিক্ষণ শিবির ত্যাগ করেছিলেন ৮ জন ফুটবলার। তাদের কাউকেই ক্যাম্পে রাখার পক্ষে ছিলেন না ব্রাজিলিয়ান কোচ। শেষ পর্যন্ত সালাউদ্দিনের হস্তক্ষেপে তখন সমস্যার সমাধান হয়। তবে ব্রাজিলিয়ান কোচ ওই আট জন ফুটবলারের জন্য তখন আলাদা অনুশীলনের ব্যবস্থা করেন।
সাত ফুটবলারকে ফিরিয়ে আনা হলেও সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে ডিডোর নির্বাচিত খেলোয়াড়দের কাউকেই বাদ দেয়া হয়নি। সব মিলিয়ে ৩১ জন খেলোয়াড়কে নিয়ে বুধবার থেকে বিকেএসপিতে শুরু হবে আবাসিক ক্যাম্প। ক্যাম্প পরিচালিত হবে নতুন কোচ শহিদুর রহমান চৌধুরী শান্টুর তত্ত্বাবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১০ ঘ.
bdnews24