লন্ডন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বিতর্কিত' পেনাল্টিতে বার্মিংহাম সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও লিভারপুলের স্ট্রাইকার ডেভিড এনগগের বিপক্ষে উঠেছে প্রতারণার অভিযোগ। এদিকে চাপ বাড়ছে লিভারপুল ম্যানেজার রাফা বেনিটজের ওপর। একদিকে চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা লম্বা হচ্ছে, অন্যদিকে দলও খেলতে পারছে না প্রত্যাশা অনুযায়ী।
অ্যানফিল্ডে সোমবার খেলা শেষ হতে তখন ২০ মিনিট বাকি। বামিংহাম এগিয়ে ২-১ গোলে। এ অবস্থায় বার্মিংহামের লি কার্সলে লিভারপুল স্ট্রাইকার এনগগকে চ্যালেঞ্জ করেন বক্সের ভেতর। মাটিতে পড়ে যান এনগগ। পেনাল্টি দিয়ে দেন রেফারি। পরে অবশ্য টেলিভিশন ফুটেজে দেখা যায় - কার্সলের পা-ই লাগেনি এনগগের গায়ে।
খেলা শেষে কার্সলে এনগগের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন, "আমার মনে হয় শিশুদের সামনে আমরা এভাবেই 'দৃষ্টান্ত' সৃষ্টি করছি। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়।"
এর আগে ১৩ মিনিটে সেই এনগগেরই গোলে লিভারপুল এগিয়ে গেলেও ২৬ মিনিটে সমতা ফেরান বেনিতেজ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে বার্মিংহামকে এগিয়ে নেন জেরোম। ৭১ মিনিটে সেই 'বিতর্কিত' পেনাল্টি থেকে গোল শোধ করেন স্টিভেন জেরার্ড। অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুল।
এদিকে চোট পাওয়ায় আগে থেকেই লিভারপুলের অ্যালবার্ট রিয়েরা, ইয়োসি বেনিয়ন ও ড্যানিয়েল অ্যাগার মাঠের বাইরে। এখন সেই তালিকায় যোগ দিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেজ। বার্মিংহামের বিপক্ষে খেলেননি তিনি।
লিভারপুলের পরের ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে, আগামী ২১ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫০ ঘ.
bdnews24