২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিডো বাদ, নতুন ফুটবল কোচ শান্টু

জাতীয় ফুটবল দলের ব্রাজিলীয় কোচ এডসন সিলভা ডিডোকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের ব্রাজিলীয় কোচ এডসন সিলভা ডিডোকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার রাতে নির্বাহী কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। বাফুফে জানিয়েছে, ডিডোর জায়গায় প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে শহিদুর রহমান শান্টুকে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাইফুল বারি টিটো, ম্যানেজার করা হয়েছে সত্যজিত দাস রুপুকে। কোচকে বাদ দেয়ার সঙ্গে সঙ্গে তার নির্বাচিত দলও বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে প্রশিক্ষণ ক্যাম্প। সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎই জাতীয় দলের কোচকে অব্যাহতি দেয়ার বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসানুজ্জামান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"দেশের স্বার্থে কোচ ডিডোকে আমরা বরখাস্ত করেছি। গুরুত্বপূর্ণ ছয়-সাতজন ফুটবলার ছাড়াই জাতীয় দল নির্বাচন করেছিলেন তিনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে ব্যর্থ হই। শেষে নির্বাহী কমিটি তাকে বরখাস্ত করে।" ডিডোর দল থেকে বাদ পড়া দেশের গুরুত্বপূর্ণ ছয়-সাতজন ফুটবলারের মধ্যে ছিলেন, ডিফেন্ডার রজনী কান্ত বর্মণ, মিডফিল্ডার আরমান আজিজ, গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, মিডফিল্ডার জাহেদ পারভেজ, জাহিদ হোসেন, মোফাজ্জেল হোসেন ও আরিফুল ইসলাম। রোববার তাদের বাদ দিয়ে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত জুলাই মাসে বিকেএসপির আবাসিক ক্যাম্পে কোচের নির্দেশ না মেনে অনুশীলন বয়কট করেছিলেন আট ফুটবলার। এরপর তাদের আর ক্যাম্পেই রাখার পক্ষে ছিলেন না ডিডো। শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে বিদ্রোহী খেলোয়াড়দের ক্যাম্পে ফেরত নিলেও তাদের জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছিলেন কোচ। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের ধারণা, তখন থেকেই হয়তো ক্ষোভ পুষে রেখেছেন ডিডো। যদিও বিদ্রোহী আট জনের মধ্য থেকে স্ট্রাইকার জাহিদ হোসেন এমেলী এবং উইংব্যাক ওয়ালী ফয়সালকে দলে রেখেছিলেন ডিডো। জাতীয় দল নির্বাচনে কোচের বিরুদ্ধে অস্বচ্ছতার প্রশ্ন উঠলে এই দুজনের দৃষ্টান্ত তুলে ধরে রোববার নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করেছিলেন তিনি। এ নিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় সোমবার বিডিনিউজকে বলেন,"আমরা অনেক চেষ্টা করেও ডিডোকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারিনি। উল্টো নিজেকে স্বচ্ছ দাবি করায় অনেকটা বাধ্য হয়েই রোববার তার নির্বাচিত দলই মেনে নেই। কিন্তু আজ (সোমবার) সবাই ভেবে দেখেছি, তার নির্বাচিত দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেও ভালো খেলতে পারবো না। এটা দ্বিতীয় সারির দল। আমরা জাতীয় স্বার্থে শেষে কোচকে অব্যাহতি দিয়েছি।" তাকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানতে চাইলে কোচ এডসন সিলভা ডিডো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," শুনেছি ফেডারেশন আমাকে বরখাস্ত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছুই জানানো হয়নি। তই এ বিষয়ে কালই (মঙ্গলবার) কিছু বলতে পারবো।" ৩১ জানুয়ারি বাফুফের সঙ্গে এক বছরের জন্য চুক্তি হয় এডসন সিলভা ডিডোর। মেয়াদ পূর্ণ হবার আগেই বিদায় নিতে হচ্ছে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ০১৩৬ ঘ.