লন্ডন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শনিবার কাতারে অনুষ্ঠেয় এক প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। কিন্তু সেই ম্যাচের দলে জায়গা পেয়েও নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম। কারণ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস (এলএ) গ্যালাক্সির হয়ে তার সাফল্য! আগে থেকেই ঠিক করা ছিল, এলএ গ্যালাক্সি মেজর লিগের ফাইনালে উঠলে বেকহাম ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটা খেলবেন না।
ইতালীয় কোচ ফাবিও ক্যাপেলো বেকহামকে ২৪ সদস্যের ইংল্যান্ড দলে রেখেছিলেন। তবে শর্ত ছিল, এলএ গ্যালাক্সি ফাইনালে উঠলে জাতীয় দল থেকে সরে দাঁড়াতে হবে বেকহামকে।
সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে চিভাস ইউএসএকে ১-০ গোলে হারিয়ে দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবাদে এবারের মেজর লিগের ফাইনাল খেলছে গ্যালাক্সি। শুক্রবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/ ২০০০ ঘ.
bdnews24