২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতলেন জকোভিচ

নিজের শহরে হেরে সুইস ইনডোর্সের শিরোপা হাতছাড়া করেছেন র‌্যাঙ্কিংয়ে পুরুষদের বিশ্বসেরা রজার ফেদেরার। রোববারের ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচের কাছে হেরে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

বাসেল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের শহরে হেরে সুইস ইনডোর্সের শিরোপা হাতছাড়া করেছেন র‌্যাঙ্কিংয়ে পুরুষদের বিশ্বসেরা রজার ফেদেরার। রোববারের ফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচের কাছে হেরে যান তিনি। জকোভিচ ম্যাচ জেতেন ৬-৪, ৪-৬, ৬-২ গেমে। চলতি বছর এ নিয়ে পাঁচ বারের মোকাবিলায় ফেদেরারকে তিন বার হারালেন তিনি। শুধু তাই নয়, এ নিয়ে চলতি বছর জকোভিচ এটিপি টুর্নামেন্টের চতুর্থ শিরোপা জিতলেন। এর আগে বেইজিং, বেলগ্রেড ও দুবাই ওপেনের শিরোপাও জিতে নেন তিনি। ইউ এস ওপেনের ফাইনালে আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে হেরে যাওয়ার পর ছয় সপ্তাহর ছোট্ট বিরতির পর এক সময়ের সুইস ইনডোর্সের বল-বয় ফেদেরার শিরোপা জয়ের লক্ষ্যেই কোর্টে নেমেছিলেন। কিন্তু এ টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়ন এবার আর জকোভিচের কাছে পেরে ওঠেননি। নিজ শহরের শিরোপা হারানোয় ফেদেরার স্বাভাবিকভাবেই হতাশ, বললেনও, " কোনো সন্দেহ নেই নিজের শহরের টুর্নামেন্টে হেরে যাওয়াটা ভীষণ হতাশার।" অন্যদিকে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে শিরোপা জিতে নেওয়া জকোভিচের কন্ঠে ঝরছিল উচ্ছাস,"আমি চেষ্টা করেছি ম্যাচের নিয়ন্ত্রণ তার হাতে না দিতে। কারণ ও যদি একবার নিয়ন্ত্রণ নিয়ে ফেলে তবে দ্রুত ম্যাচ শেষ করা তার জন্য কোনো ব্যাপারই নয়। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯০৫ ঘ.