ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে শুক্রবার ফেনী সকার ক্লাবকে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষের মাঠে জয় পেতে ঢাকা মোহামেডানকেও ঘাম ঝরাতে হয়েছে। নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের মাঠে তারাও জিতেছে ১-০ গোলে।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আবাহনী আর ফেনী সকার ক্লাবের লড়াই হয়েছে জমজমাট। স্বাগতিকদের প্রতিরোধের মুখে কোনোভাবেই গোল পাচ্ছিলো না আবাহনী। শেষরক্ষা হয় ৯০ মিনিটে পেনাল্টিতে করা শেরিফ দ্বীন মোহাম্মদের গোলে। যদিও সে পেনাল্টি নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। ফেনীর ডিফেন্ডার আরিফ ক্লিয়ার করার সময় বল হাত ছুয়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য পেনাল্টি না দিলেও চলতো বলে মনে করেন ফেনী সকার ক্লাবের কোচ মিলন মোল্লা। যদিও আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপুর দাবি, রেফারি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
নারায়নগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রথমার্ধেই গোল পেয়ে যায় ঢাকা মোহামেডান। ২৪ মিনিটে দলকে এগিয়ে নেন জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হোসেন এমেলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৫ ঘ.
bdnews24