ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপে মনে রাখার মতো তেমন কিছুই করে দেখাতে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। অথচ সিটিসেল বাংলাদেশ লিগে তাদেরই শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম মোহামেডানকে ৬-১ গোলে হারিয়েছে আরামবাগ। নিকোডেমাসের হ্যাট্রিক ও আলফাজ আহমেদের জোড়া সাফল্যে এই গোল উৎসবে তারা।
ঘাফ ডজন গোলের প্রথমটি পেতে ৩৫ মিনিট অপেক্ষা করতে হয় আরামবাগকে। নিকোডেমাসের গোলে সেই যে হাঁফ ছেড়ে বাঁচলো তারপর আর থামেনি আরামবাগ। ৫৮ ও ৬৪ মিনিটে আরো দু গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন নিকোডেমাস। ৬২ মিনিটে ডমিনিক করেন একটি গোল। খেলার একেবারে শেষ দিকে (৮৯ ও ৯০ মিনিট) আলফাজ আহমেদও দু'দুবার মাতেন গোল উৎসবে। চট্টগ্রাম মোহামেডানের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ফরহাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১০ ঘ.
bdnews24