মাদ্রিদ, অক্টোবর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিস্টিয়ানো রোনালদো চোটের কবলে পড়ার পর থেকে সেই যে শুরু আর যেন বিপদ কাটতেই চাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এবার কোপা ডেল রে-তে তৃতীয় বিভাগের দল আলকোরোনের কাছে ৪-০ গোলে হেরে বসেছে তারা। এর আগে এ মাসেই চ্যাম্পিয়ন্স লিগে ৩-২ গোলে এসি মিলানের কাছে হারার পর স্প্যানিশ লিগে দুর্বল স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূণ্য ড্র করে রিয়াল।
তবে মঙ্গলবার মাদ্রিদের আরেক দল অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল মারবেলাকে। সেভিয়া লুই ফ্যাবিয়ানোর জোড়া গোলে তৃতীয় বিভাগেরই অ্যাথলেটিকো সিউদাদকে হারায় ৪-২ গোলে।
এদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড লিগ কাপে বার্নসলেকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। টটেনহ্যাম হটস্পারও একই ব্যবধানে এভারটনকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ফলে গত বছরের মতো এবারও ম্যানইউর সঙ্গে ফাইনাল খেলার আশা জাগিয়ে রাখলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১১৮ ঘ.
bdnews24