২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গ্রাঁ প্রি আর্চারিতে ভারত সেরা, বাংলাদেশ তৃতীয়

এশিয়ান গ্রাঁ প্রি আর্চারিতে ভারতের আধিপত্য থাকবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন এমন একটি অনুমানের কথা জানিয়েছিল আগেই। তাই বলে বাংলাদেশ কোনো স্বর্ণপদক পাবেই না -- এমনটি ধারনা করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান গ্রাঁ প্রি আর্চারিতে ভারতের আধিপত্য থাকবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন এমন একটি অনুমানের কথা জানিয়েছিল আগেই। তাই বলে বাংলাদেশ কোনো স্বর্ণপদক পাবেই না -- এমনটি ধারনা করা যায়নি। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বরং বলা হয়েছিল, 'রিকার্ভ বো' ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত স্বর্ণ ধরে রাখার পাশাপাশি দলীয় স্বর্ণও এবার বাংলাদেশেই থাকবে। অথচ চারটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে। ছয়টি স্বর্ণ, দু'টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে টুর্নামেন্টের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন ভারত। দু'টি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় হয়েছে মিয়ানমার। এশিয়ান গ্রাঁ প্রি'র চতুর্থ আসরে ১৯ সেপ্টেম্বর ভারতের কোলকাতায় 'রিকার্ভ বো' ইভেন্টে স্বর্ণ জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাজ্জাদ হোসেন। অথচ দেশের মাটিতে এবার তাকে খুঁজেই পাওয়া গেল না। স্বর্ণ গেছে ভারতের তরুণ-এর কাছে, রৌপ্যপদক উঠেছে বাংলাদেশের মিলনের গলায় আর ব্রোঞ্জ পেয়েছেন ভারতের পাওয়ান। এই ইভেন্টের দলগত স্বর্ণও ভারতের, রৌপ্য বাংলদেশের আর ব্রোঞ্জ পদক মিয়ানমারের। 'রিকার্ভ বো' ইভেন্টে মেয়েদের বিভাগে ব্যক্তিগত তিনটি পদকই ভারতের। দলগত চ্যাম্পিয়নও তারা। অপ্রত্যাশিতভাবে দলগত রৌপ্য জিতেছেন বাংলাদেশের মেয়েরা, ব্রোঞ্জ গেছে মিয়ানমারের দখলে। 'কম্পাউন্ড বো' ইভেন্টে ছেলে-মেয়ে কোনো বিভাগেই পদকের আশা ছিল না বাংলাদেশের। অপ্রতুল সরঞ্জাম আর অল্প দিনের প্রশিক্ষণ শেষে টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক দল। তারপরও ছেলেদের দলগত রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক দলের জন্য এটা বাড়তি পাওনা। এই ইভেন্টের ব্যক্তিগত এবং দলীয় স্বর্ণ পদক যথারীতি ভারতের। 'কম্পাউন্ড বো' ইভেন্টে মেয়েদের বিভাগে ব্যক্তিগত এবং দলীয় স্বর্ণ জিতেছে মিয়ানমার। ব্যক্তিগত রৌপ্যপদকটি জিতেছে ইরান। দলগত রৌপ্য ভারতের, ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১০০ ঘ.