বার্ন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাভিয়ের স্যাভিওলা ও অস্কার কারদোসোর দু'টি করে গোলে ইউরোপিয়ান কাপে বৃহস্পতিবার বেনফিকা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এভারটনকে। দিনের অন্যান্য ম্যাচে গতবারের উয়েফা কাপ চ্যাম্পিয়ন শাখতার দনেতস্ক, স্পোর্টিং লিসবন, এফসি সালজবুর্গ ও লাৎসিও জয় পেয়েছে। অতিরিক্ত সময়ে গোল করে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এএস রোমা।
লিসবনে খেলা শুরুর ১৪ মিনিটে আর্জেন্টিনার স্যাভিওলার গোলে পিছিয়ে পড়ে এভারটন। দ্বিতীয়ার্ধে ইংলিশ ক্লাবটিকে নাস্তানাবুদ করে ছাড়ে বেনফিকা। স্যাভিওলা ও অ্যাঞ্জেল মারিয়ার ক্রস থেকে এক মিনিটে দুটি গোল করেন অস্কার কারদোসো। চতুর্থ গোলটি হয় কর্নার থেকে, ৫২ মিনিটে সেই গোলটি করেন রক্ষণভাগের খেলোয়াড় লুইজাও। খেলা শেষ হওয়ার একটু আগে এভারটনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন স্যাভিওলা।
ওদিকে শাখতার দনেতস্কের সামনে দাঁড়াতেই পারেনি তুলোঁ এফসি। ফলাফল ৪-০। দনেতস্কের পক্ষে দুটো গোল করেন লুই আদ্রিয়ানো, বাকি গোলগুলো ফার্নান্দিনহো ও হাবসম্যানের।
ব্রেড হ্যাংল্যান্ডের গোলে ২৪ মিনিটে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। ৭৮ মিনিটে রোমা পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি জেরেমি মেনেজ। কিন্তু অতিরিক্ত সময়ে মার্কো আন্দ্রেওলির ভলি ঠিকই জড়িয়ে যায় ফুলহ্যামের জালে।
স্পোর্টিং লিসবন ২-১ গোলে হারিয়েছে লাটভিয়ার ভেন্টসপিলসকে। এছাড়া ভিলারিয়ালের বিপক্ষে লাৎসিও জিতেছে ২-১ গোলে। এফসি সালজবুর্গ ১-০ গোলে হারিয়েছে লেভস্কি সোফিয়াকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৭৫৫ ঘ.
.
bdnews24