ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপা ধরে রাখার আনন্দই আলাদা, জয়ের উৎসবে যোগ হয় ভিন্ন মাত্রা। সিটিসেল ফেডারেশন কাপ ফাইনালের টাইব্রেকারে ৪-১ গোলে আবাহনীকে হারিয়ে আনন্দে গড়াগরি গেলো ঢাকা মোহামেডান। টাইব্রেকারে তাদের জয়ের নায়ক বলতে হয় নাইজেরিয়ার গোলরক্ষক জেমস পলকেই। আবাহনীর প্রথম শটটি থামিয়ে সমর্থকদের আনন্দে উন্মাতাল হওয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনিই।
খেলা শুরুর আগেই আবাহনী-মোহামেডান সমর্থক গ্যালারি কানায় কানায় পূর্ণ। জনসমুদ্রের শব্দের গর্জনের মাঝে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল হয়নি।
অথচ খেলার পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে সাদাকালো শিবির। আর ১১ মিনিটের সময় তো আবাহনী প্রায় গোল পেয়েই যাচ্ছিলো। কিন্তু পল আটকে দেন। প্রথমার্ধে পরিকল্পিত ফুটবল খেলেছে ঢাকা আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধে সমান তালে লড়াই হলেও গোল পায়নি কেউ। শেষে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও প্রাধান্য ছিল আবাহনীর। কিন্তু ভালো খেলার কোনো মূল্যই পেলোনা আকাশী-নীল শিবির ম্যাচ টাইব্রেকারে যাওয়ায়।
টাইব্রেকারে আবাহনী প্রথম শট নিতে পাঠায় বিদেশী ফুটবলার সামাদ ইউসুফকে। মানসিক চাপ সামাল দিতে না পেরে মোহামেডানের গোলরক্ষক পলের আয়ত্ত্বের ভেতরে শট নেয়ায় গোল মিস। পিছিয়ে পড়ে আবাহনী। পরের শটে বল বাইরে পাঠান আরেক বিদেশি শেরিফ দিন মোহাম্মদ। অন্যদিকে মোহামেডান দুই শটেই গোল করে বসে। আবাহনী তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে গোল করে ঢাকা মোহামেডানকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়ে দেন হাসান আল মামুন।
ম্যাচ শেষে স্বাভাবিক কারণেই মোহামেডান অধিনায়ক আরমান আজিজের কন্ঠে ছিল উচ্ছ্বাস,,"আমরা শিরোপা ধরে রাখতে চেয়েছিলাম, তাই হয়েছে। এর প্রভাব থাকবে সিটিসেল 'বি' লিগেও। দলের সবার কাছেই আমি কৃতজ্ঞ। তবে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ জিততে পারলে আনন্দ আরো বেশি হতো।"
পরাজয় দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, কর্মকর্তা, সমর্থক -- সবারই মন খারাপ করে দেয়। আবাহনীর কোচ অমলেশ সেনের কথায়ও প্রকাশ পেলো সেরকম অনুভূতি,"সামান্য ভুলের জন্যই আজ আমাদের হারতে হয়েছে। নির্ধারিত সময়েই জিততে পারতাম আমরা। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হলো আবাহনীকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৫ ঘ.
bdnews24