২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময়ে ভেরনকে পাশে পাচ্ছেন ম্যারাডোনা

বিতর্ক ম্যারাডোনার আজীবন সঙ্গী। আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্তপর্বে তোলার পরও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন 'এল পেলুসা।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

বুয়েন্স আইরিস, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিতর্ক ম্যারাডোনার আজীবন সঙ্গী। আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্তপর্বে তোলার পরও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন 'এল পেলুসা।' নিজ দেশের সংবাদ মাধ্যমকে অশ্লীল গালিগালাজ করে আবারও হয়েছেন খবরের শিরোনাম। খোদ ফিফা সভাপতিও এখন নাখোশ ম্যারাডোনার কর্মকান্ডে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো আবার বলতে শুরু করেছে, কোচের পদে এখন পরিবর্তন আনা উচিত। এমন দুর্দিনেও নিজের এক শিষ্য হুয়ান সেবাস্তিয়ান ভেরনকে ঠিকই পাশে পাচ্ছেন 'আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর'। ৩৪ বছর বয়সী প্রাক্তন ইন্টার মিলান, লাৎসিও ও পার্মার খেলোয়াড় ভেরন মনে করেন, ম্যারাডোনা ভালোভাবেই তার দায়িত্ব পালন করেছেন, আর্জেন্টিনাকে নিয়ে গেছেন বিশ্বকাপের মূল পর্বে। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াটা তাই অবিবেচকের মতো কাজ হবে। ফুটবল বিষয়ক সংবাদ সংস্থা 'টিএমডাব্লিউ'-কে দেয়া সাক্ষাৎকারে ভেরন বলেন," ডিয়েগো তার যোগ্যতা দিয়েই বিশ্বকাপ পর্যন্ত নিজের জায়গা পাকা করে নিয়েছেন। উনি আমাদের বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেছেন, তাই এ মুহূর্তে তাকে সরিয়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১২৫ ঘ.