মিলান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় যেন ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল এসি মিলানের জন্য। ইতালিয়ান লিগ 'সিরি-আ'র শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি, চ্যাম্পিয়ন্স লিগেও যাচ্ছে তাই পারফর্ম্যান্স লিওনার্দোর দলের। সব কিছু যেন একটি বড় ম্যাচের জন্য জমা করে রেখেছিল মিলান শিবির। তাই যেন রোমার বিপক্ষে জ্বলে উঠল তারা, রোববার ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে উইগ্যান অ্যাথলেটিকের সঙ্গে।
নিজেদের মাঠ সানসিরোকেই মিলান বেছে নিয়েছিল ফর্মে ফেরার জন্য। অতিথি রোমা কিন্তু শুরুতেই স্তব্ধ করে দেয় স্টেডিয়াম ভর্তি মিলান সমর্থকদের। ৩ মিনিটের সময় থিয়েগো সিলভার ব্যাকপাস ধরে ঠান্ডা মাথায় মিলান গোলরক্ষক দিদাকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে দেন জেরেমি মেনজ।
গোল খেয়ে দিশেহারা না হয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় এসি মিলান। প্রথমার্ধের বাকি সময়টায় বেশ কিছু সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় ম্যাচে। রোমা ডিফেন্ডার বুর্দিসো ডি-বক্সে ফেলে দেন আলেকজান্ডার নেস্তাকে। পেনাল্টি থেকে রোমার জালে বল পাঠাতে কোন ভুল করেননি রোনালদিনেহা। নিজের প্রিয় জায়গা লেফট উইং ছেড়ে আক্রমনভাগে পাতোর সঙ্গে চমৎকার মানিয়ে নিয়েছেন রোনালদিনহো। অনেক দিন পর ফর্মেও ফিরেছেন এই ব্রাজিলিয়ান।
পাতো-রোনালদিনহো জুটি বার বার ত্রাস ছড়াচ্ছিলো রোমা রক্ষণভাগে। এই জুটিই জয় সূচক গোলটি এনে দেয় 'রোসোনেরি'দের। রোনালদিনহোর ক্রস বুক দিয়ে নামিয়ে তীব্র গতিতে মার্কার রিসকে ছিটকে ফেলেন পাতো, তারপর অরক্ষিত জালে বল পাঠিয়ে উৎসবের সুযোগ করে দেন মিলান সমর্থকদের।
খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মিলানকে ১০ জনের দলে পরিণত করেন মাসেমো আমব্রোসিনি।
তারপরও অবশ্য ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রোনালদিনহো বলেন, ' শারীরিক এবং মানসিকভাবে আমি খুব ভালো বোধ করছি। আজ রাতে (রোববার) ভালোই খেলেছি, মিলান সমর্থকদের মনে হয় খুশি করতে পেরেছি। পাতোর সঙ্গে জুটি গড়ে আমার ভালোই লাগছে।'
ফর্মে ফেরাটা বড্ড জরুরি ছিল মিলানের জন্য। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছে উইগ্যানের সাথে। সিটির গোলদাতা মার্টিন পেত্রোভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯৩৭ ঘ.
bdnews24