ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাইনালে ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ হবে আবাহনী, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। সেমিফাইনালে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ঢাকা আবহনী।
ম্যাচের শেষ দেখে শুরুটা মেলানো যাবে না। শুরুতে আবাহনীকে চাপে ফেলে দিয়েছিলো নবাগত বিয়ানীবাজার এস সি। তিন মিনিটে আচমকা গোল করে এগিয়ে যায় বিয়ানীবাজার। খানিকটা সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে আবাহনীর সমর্থকরা। বিয়ানীবাজারের গোলের প্রশংসা না করে পারেনি তারাও। সত্যিই অনেকদিন পর দর্শনীয় একটি গোল দেখেছেন ফুটবল অনুরাগীরা। সাইফুল করিমের থ্রো থেকে সাইড ভলিতে গোল করেন রিক্ত।
এরপরের গল্প শুধুই আবাহনীর। সিলেট বিয়ানীবাজারের গোল পোস্টটা আবাহনীর খেলোয়াড়রা বোধহয় রিজার্ভ করে নিয়েছিলো ইচ্ছে মত গোল করবে বলে। চোখ-মুখ বুজে তা সহ্য করতে হবে বিয়ানীবাজারকে।
ইচ্ছে থাকলেও পাল্টা আক্রমণের সুযোগ খুব একটা পায়নি নাবগত দলটি। পাল্টা আক্রমণ করতে গিয়েই উল্টো গোল হজম করতে হয়েছে। শেষ পর্যন্ত আত্মরক্ষারও পথ ছিলো না বিয়ানীবাজারের সামনে।
১৯ মিনিটে উজ্জ্বলের ফ্রি কিক জালে জড়িয়ে দেন প্রাণতোষ কুমার দাস হেড করে। ১-১ গোলে সমতায় ফেরে আবাহনী।
২১ মিনিটে আওয়ালের ক্রস মেহেদী হাসান উজ্জল বাঁ পায়ে প্লেসিং করেন জালে। ২-১ গোলে এগিয়ে যায় আবাহনী।
২৩ মিনিটে উজ্জ্বল মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে এগিয়ে যান। বক্সে পৌঁছানোর আগেই বল ঠেলে দেন ডান দিকে এনামুলকে। কিন্তু এনামুল গোল করতে ব্যর্থ হলেও কর্নার পায় আবাহনী।
২৪ মিনিটে উজ্জ্বলের কর্ণার থেকে ঘানার ফরোয়ার্ড শেরিফ দিন মোহাম্মদ দর্শনীয় হেডে গোল করেন। গোল লাইনে রক্ষণভাগের দুই খেলোয়াড় থাকলেও দাঁড়িয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না তাদের।
৩৪ মিনিটে ডান প্রান্ত থেকে উজ্জ্বলের মাইনাসে শেরিফ পা লাগাতে পারেননি। নিশ্চিত গোল বঞ্চিত হয় আবাহনী।
বলার অপেক্ষা রাখে না, প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ঢাকা আবাহনী। গোল ধরে রেখে দ্বিতীয়ার্ধে হালকা মেজাজে খেললেও অসুবিধা হওয়ার কথা নয়। আবাহনী খেলেছেও সেভাবে, নিজেদের ইচ্ছে মতো।
বিরতির পর গোল হয় আরেকটি। ৫১ মিনিটে উজ্জ্বলের মাইনাসে এনামুল পা ছোঁয়াতেই আরেক ধাপ এগিয়ে যায় আবাহনী।
ব্যবধান আরো বেশি হলেও হতে পারতো। আবাহনীর খেলোয়াড়রা বোধ হয় ফাইনালের জন্য শক্তি ধরে রাখতে একটু ধীর স্থির হয়ে খেলেন। শুধু তাই নয়, কার্ড সমস্যা এড়াতে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেয়া হয় গুরুত্বপূর্ণ তিনজনকে।
চারটি গোল করেছে আবাহনী, যার রূপকার ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল। এ পর্যন্ত টুর্নামেন্টে তার ফর্ম ছিল অসাধারণ। সেমিফাইনালে পিছিয়ে পড়ার পরও সেই উজ্জ্বলই গোল করার জন্য বল যোগান দেন, নিজেও গোল করেন। এমন দিনে তাকে ছাড়া ম্যাচ সেরার পুরস্কারের জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারলেন না বিচারকরা।
ফাইনাল খেলা হবে ২০ অক্টোবর বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৫ ঘ.
bdnews24