২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতল ঘানা

যুব বিশ্বকাপের (অনূর্ধ্ব-২০) ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ঘানা। এর মধ্য দিয়ে আফ্রিকার দেশটির এ টুর্নামেন্টে শিরোপা খরা ঘুচলো। আগে দুই বার তারা ফাইনালে হেরেছিল। এর একবার হার মানতে হয় ব্রাজিলেরই কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

কায়রো, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুব বিশ্বকাপের (অনূর্ধ্ব-২০) ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ঘানা। এর মধ্য দিয়ে আফ্রিকার দেশটির এ টুর্নামেন্টে শিরোপা খরা ঘুচলো। আগে দুই বার তারা ফাইনালে হেরেছিল। এর একবার হার মানতে হয় ব্রাজিলেরই কাছে। শুক্রবার কায়রো স্টেডিয়ামের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। খেলার ৩৭ মিনিটে ড্যানিয়াল আডো লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ঘানা। তবে তাতেও দমেনি তারা। গোল করার প্রচুর সুযোগ নষ্ট করে ব্রাজিলও। অতিরিক্ত সময়েও কোনও পক্ষ গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে ঘানা ম্যাচ জিতে নেয় ৪-৩ গোলে। ঘানার ইমানুয়েল আয়েম্যাঙ্গ-বাদুর শট যখন ব্রাজিল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়, তখনই জয়োল্লাসে ফেটে পড়ে ঘানার খেলোয়াড়-কর্মকর্তারা। সেইসঙ্গে যোগ দেয় কায়রো স্টেডিয়ামের ৬৮ হাজার দর্শকও। শিরোপা জয়ের পর ঘানার অধিনায়ক অ্যান্ড্রু অ্যাইয়ু বলেন,"আমরা এমন কিছু আজ অর্জন করলাম যা মানুষ এতকাল অসম্ভব বলে এসেছে। আমি আশা করি আফ্রিকার একটি দলই আগামী বিশ্বকাপ জিতবে। আমাদের দলটি দুর্দান্ত। ঘানার সমর্থকদের অনেক প্রত্যাশা ছিল আশা করি আমরা তাদের প্রত্যাশা মেটাতে পেরেছি।" ১৯৯৯ সালে স্পেনের পর এই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরের কোনও দেশ যুব বিশ্বকাপ জিতল। ঘানা ১৯৯৩ সালে ব্রাজিলের কাছে এবং ২০০৩ সালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়। এদিকে, ফাইনালের মতো ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে হাঙ্গেরি ও কোস্টারিকার মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও। ১-১ গোলে ম্যাচ ড্র থাকার পর হাঙ্গেরি পেনাল্টি শুটআউটে ২-০ গোলে ম্যাচ জিতে নেয়। হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাকচি তিনটি শটই ঠেকিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৪০০ ঘ.