২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে

সব অনিশ্চয়তা কাটিয়ে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা। ৮৪ মিনিটে মারিও বোলাত্তির গোল শুধু কোচ ম্যারাডোনাই নয়, বিশ্বের অগুনতি আর্জেন্টাইন ভক্তদের মনে স্বস্তি এনে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:43 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

মন্টিভিডিও, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া সংবাদের বড় শিরোনাম না হওয়াটাই ছিল স্বাভাবিক, যে দলে আছেন বিশ্বের অন্যতম সেরা মেসির পাশাপাশি তেভেজ ও হিগুয়েনেরে মতো খেলোয়াড়রা। তার ওপর কোচ হিসেবে রয়েছেন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু এত সবের পরও উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া বড় খবর হলো। কারণ ম্যারাডোনার দলের বিশ্বকাপ খেলাই যে অনিশ্চিত হয়ে পড়েছিল। উরুগুয়ের মন্টিভিডিওর বুধবারের (বাংলাদেশে বৃহস্পতিবার) এ খেলায় আর্জেন্টিনার জয় জরুরি হয়ে পড়েছিল, নিদেন পক্ষে ড্র করলেও আশা থাকত। তবে শেষে পর্যন্ত প্লে অফের ঝামেলায় না গিয়েই জয় নিয়েই মাঠ ছেড়েছেন মেসিরা। এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় খেলা নিশ্চিত হলো আর্জেন্টিনার। আর ম্যারাডোনার পাশাপাশি সারাবিশ্বের অগুনতি ভক্ত ছাড়লো স্বস্তির নিশ্বাস। আগের ম্যাচে পেরুকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে খেলার একমাত্র গোলটিও এলো শেষ মুহূর্তে। ৮৪ মিনিটে তা আসে বদলি খেলোয়াড় মারিও বোলাত্তির পা থেকে। খেলার শুরুটা মোটেই ভালো হয়নি মেসিদের। দুই বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে নিজেদের মাঠে চেপে ধরেছিল আর্জেন্টিনাকে। অন্তত তিন বার গোল খেতে খেতেও বেঁচে যায় ম্যারাডোনার দল। তবে দ্বিতীয়ার্ধে মার্টিন ক্যাসেরেসের লাল কার্ড পাওয়ার পর উরুগুয়ে পরিণত হয় ১০ জনের দলে। আর এরপরই বোলেত্তির গোল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দূরত্ব ঘুচিয়ে দেয়। জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ ম্যারাডোনা বলেন, "আর্জেন্টাইনদের প্রতি এ জয় উৎসর্গ করলাম।" এর মধ্য দিয়ে আসলে ঘরে-বাইরে প্রবল চাপ থেকেও বেরিয়ে এলেন তিনি। বাজে পারফর্মেন্স কোচ হিসেবে তার অবস্থানকে প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছিল, যদিও তিনি বলে আসছিলেন ঈশ্বরই তার ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসবেন। এদিকে আর্জেন্টিনার কাছে হারলেও উরুগুয়ের বিশ্বকাপ খেলার আশা শেষ হয়নি। পয়েন্ট তালিকায় পঞ্চম দল হিসেবে প্লে অফ ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকায় দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল (৩৪ পয়েন্ট), চিলি (৩৩) ও প্যারাগুয়ে (৩৩) আগেই দক্ষিণ আফ্রিকার টিকিট নিশ্চিত করেছিল। এখন তার সঙ্গে যোগ হলো আর্জেন্টিনা (২৮ পয়েন্ট)। উরুগুয়ের পয়েন্ট ২৪। ওই অঞ্চলে বুধবারের অপর খেলাগুলোর মধ্যে ভেনেজুয়েলার সঙ্গে ০-০ গোলে ড্র করেছে ব্রাজিল। পেরু ১-০ গোলে বলিভিয়াকে, কলম্বিয়া ২-০ গোলে প্যারাগুয়েকে এবং চিলি ১-০ গোলে ইকুয়েডরকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২০ ঘ.