ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জন্য চমকই বলতে হবে। এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের বালক এককের ফাইনালের দুই খেলোয়াড়ই বাংলাদেশের। রুস্তম আলীর বিপক্ষে খেলবে বিপ্লব রাম। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বুধবার প্রথম সেমিফাইনালে রুস্তম আলী হারায় ধানকর সূর্যকে। অন্য সেমিফাইনালে বিপ্লব রাম হারায় আরেক ভারতীয় প্রণব মালহোত্রাকে।
যথারীতি সরাসরি সেটেই ম্যাচ জিতেছে রুস্তম আলী। প্রথম সেট ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেটে লড়াই জমে ওঠে। টাইব্রেকারে ৭-৬ গেমে জেতেন রুস্তম আলী। বিপ্লব রামও সহজেই ম্যাচ জিতে নেয়। প্রথম সেটে (৬-০ গেম) তো পাত্তাই দেয়নি প্রতিপক্ষকে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই হলেও ৬-৪ গেমে বাংলাদেশের কিশোরেরই জয় হয়।
বালক দৈতে বাংলাদেশের রুস্তম আলী জুটি বেঁধেছে ভারতের ধানকর সূর্যের সঙ্গে। সেমিফাইনালে এই জুটি স্বাগতিক দলের তানজির আহমেদ ও দেলোয়ার হোসেনকে ২-৬, ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্য সেমিফাইনালে বাংলাদেশের বিপ্লব রাম ও জামিল ভূঁইয়া ৭-৬ ও ৭-৫ গেমে হারায় ভারতের রাঘব ও প্রনব মালহোত্রাকে।
বালিকা এককের ফাইনালে উঠেছে হংকংয়ের কা মান কারিন মা ও ভারতের মৌলিকা রাম। কা মান কারিন মা ৬-৪ ও ৬-২ গেমে হারায় ভারতের সম্ভাবি দিক্ষিতকে। অন্য ম্যাচে মৌলিকা রাম ৬-২ ও ৬-২ গেমে হংকংয়ের লি হান লিলি লি'কে হারায়।
মেয়েদের দ্বৈতে শিরোপা নির্ধারণ হয়ে গেছে। চ্যাম্পিয়ন হয়েছে হংকং জুটি কা মান কারিন মা ও চিং চ্যান। ভারতের মৌলি রাম ও সম্ভাবি দীক্ষিতের কাছে প্রথম সেট ৩-৬ গেমে হারলেও বাকি দুই সেট একই ব্যবধানে (৬-৩ ও ৬-৩ গেম) জিতে চ্যাম্পিয়ন হয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫০ ঘ.
bdnews24