ঢাকা, অক্টোবর ১৩ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোয়ার্টার ফাইনাল হিসেবে খেলায় যতটা প্রাণ থাকার কথা তার সামান্যই চোখে পড়েছে। সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের সাদামাটা ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ০-২ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব।
ম্যাচে গোল দুটো ছাড়া আনন্দ ভালো লাগার মতো বলতে গেলে ছিলই না। বিজিত (চট্টগ্রাম আবহনী) দলের খেলাতেই যা একটু ছন্দ ছিল। দক্ষ স্কোরারের অভাবে পেরে ওঠেনি তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটেই এগিয়ে যায় নবাগত বিয়ানীবাজার স্পোর্টিং। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার এবং গোলরক্ষকের সামান্য ভুলে পিছিয়ে পড়তে হয়। তৌফিক হাসান গফুরের জোরালো শট গোলরক্ষকের হাত পিছলে গোল লাইন অতিক্রম করে।
পিছিয়ে পড়ে প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী। উল্টো ৪০ মিনিটে আরো এক গোল হজম করতে হয় তাদের। রাশেদের ফ্রি-কিক থেকে গড়ানো শটে গোল করেন ফয়সাল মাহমুদ। বিরতির পর গোল শোধ দিতে মরিয়া আবাহনী পাল্লা দিয়ে আক্রমণ রচনা করলেও গোল পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪০ ঘ.
bdnews24