ঢাকা, অক্টোরব ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ফেডারেশন কাপে এ পর্যন্ত বেশি গোল ঢাকা মোহামেডানেরই। লিগ পর্বে প্রত্যেকটি দলের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতেছিল তারা। এবার নক-আউট পর্ব। রোববার প্রথম কোয়ার্টার ফাইনালে নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের মুখোমুখি হবে মোহামেডান। হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। দু'দলেরই বিষয়টি জানা। অপ্রতিরোধ্য মোহামেডান কোনোভাবেই প্রতিপক্ষকে বিজয় মঞ্চে দেখতে চায়না। জয়ের সুবাতাস তাদের পালেই লগবে বলে খেলোয়াড়, কোচ এমনকি সমর্থকদেরও ধারণা। মুশকিল হলো, প্রতিপক্ষেরও তাতে দ্বিমত নেই। শুকতারাও মানছে মোহামেডানের শ্রেষ্ঠত্ব, তাদের কোচ রিয়াজ বিশ্বাস তো বলেই দিয়েছেন," ঢাকা মোহামেডান মৌসুমের সেরা দল। তারা ভালো খেলবে এটাই স্বাভাবিক। আমাদের চেষ্টা থাকবে নিরাপদ অবস্থান ধরে রাখা।"
শুকতারা যুব সংসদের কোচের কথাতে অন্তত এটুকু বোঝা যায় যে, কোনোভাবে মোহামেডানকে বেকায়দায় ফেলা গেলে সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সুযোগ দেবে না। আর পিছিয়ে পড়লে গোল উৎসবের পথ খোলা রাখবে না। কোচের মতে, শুকতারা সংসদের মাঝমাঠই সবচেয়ে শক্তিশালী। আক্রমন গড়ে দেয়া বা প্রতিপক্ষের ফরোয়ার্ডদের ঠেকানোর প্রক্রিয়া মাঝ মাঠ থেকেই শুরু হবে।
অন্যদিকে ঢাকা মোহামেডানের আগাগোড়াই পাকাপোক্ত। একাদশে কোনো ফাঁক-ফোকরই নেই। বলতে গেলে জাতীয় দলের বিপক্ষেই খেলতে হবে টুর্নামেন্টের নবাগত শুকতারা যুব সংসদকে। মোহামেডানের কোচ মারুফুল হক দলের সাফল্যের ব্যাপারে অনেকটাই নির্ভার। বললেন,"অভিজ্ঞ খেলোয়াড় আছে মোহামেডানে। বিদেশি খেলোয়াড়রাও যথেষ্ট ভালো। জয় না পওয়ার মতো কিছু হয়নি। তবে প্রতিপক্ষকে খাটো করে দেখছি না আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৭ ঘ.
bdnews24