বুয়েন্স আইরেস, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ১০ বছর পর তাকে দলে নেয়ায় অনেক সমালোচনা সইতে হয়েছিল ডিয়েগো ম্যরাডোনাকে। ঘানার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ২ গোল করে সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন ৩৬ বছরের 'বুড়ো' পালেরমো। বুঝিয়ে দিয়েছিলেন বয়স হলেও মরিচা ধরেনি তার দু'পায়ে। ম্যারাডোনাও বলেছিলেন, পালেরমোকে সামনে রেখেই পেরু ও উরুগুয়ের বিপক্ষে দল সাজাবেন। কিন্তু শেষ মুহুর্তে এসে কপাল পুড়লো বোকা জুনিয়র্সের এই খেলোয়াড়ের। তাকে ছাড়াই পেরুর বিপক্ষে দল সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ।
স্মৃতির অতল গহ্বর থেকে তুলে আনা পাবলো আইমারকে মাঝ মাঠে রেখে মেসি ও হিগুইনকে সামনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ম্যারাডোনা। মাঝ মাঠে আরও আছেন জোনাস গুতিররেজ, জাভিয়ার মাসচেরানো ও অ্যাঞ্জেল ডি মারিয়া। রক্ষনভাগের দায়িত্ব বর্তেছে ইমিলিয়ানো ইনসুয়া, রোনালদো শিয়াভির ও গ্যাব্রিয়েল হেইঞ্জের ওপর।
পেরুর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায়।
আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, জোনাস গুতিররেস, রোনালদো শিয়াভি, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ইমিলিয়ানো ইনসুয়া, এনজো পেরেজ, জাভিয়ার মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাবলো আইমার, লিওনেল মেসি ও গঞ্জালো হিগুইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০০২ ঘ.
bdnews24