বেইজিং, অক্টোবর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদিন নতুন নতুন চমক। চমক মানে, তারকার পতন, নতুনের জয়গান। শনিবারও চায়না ওপেন দেখেছে সেই দৃশ্য। এবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন পুরুষদের সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল।
নাদাল ১-৬, ৩-৬ ব্যবধানে হেরে যান অষ্টম বাছাই, ক্রোয়েশিয়ার মারিন সিলিচের কাছে। হাঁটুর চোট সারিয়ে এ টুর্নামেন্টেই কোর্টে ফেরা শীর্ষবাছাই নাদাল এবারই প্রথম মুখোমুখি হলেন সিলিচের এবং প্রথম বারেই গেলেন হেরে।
রোববার ফাইনাল। সেখানে সিলিচ মুখোমুখি হবেন সার্বিয়ার নোভাক ডিয়োকোভিচের। দ্বিতীয় বাছাই ডিয়োকোভিচ সুইডেনের রবিন সোদারলিঙ্ককে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।
চায়না ওপেন এবার শুরু থেকেই একের পর এক তারকাপতন দেখে আসছে। তালিকাটা মেয়েদের বিভাগেই বড়। ভেনাস উইলিয়ামস, দিনারা সাফিনা, ভেনাস উইলিয়ামসরা আছেন সেই তালিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮২৬ ঘ.
bdnews24