২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো, মেসিকে আমলেই নিচ্ছেন না রুনি

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না তা নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

লন্ডন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না তা নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি। রোনালদো বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। অনেকের মতে বিশ্ব সেরাও। লিওনেল মেসিও কম নন। বিশ্ব সেরার দৌড়ে রোনালদোর চেয়ে কারো কারো মতে তিনিই এ মুহুতেৃ এগিয়ে। অথচ এমন অসাধারণ ও সৃষ্টিশীল এই দু'জন খেলোয়াড়কে দর্শক হয়ে থাকতে হতে পারে আগামী বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে উত্তরনই যে প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে পর্তুগাল ও আর্জেন্টিনার জন্য ! অন্যদিকে ইংল্যান্ড আছে ফুরফুরে মেজাজে। বাছাই পর্বের দু'ম্যাচ বাকী থাকতেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। ইতালিয়ান কোচ ফাবিও ক্যাপেলোর অধীনে বাছাই পর্বের প্রতিাট ম্যাচে জয় পেয়েছে তারা। রোনালদো ও মেসিকে ছাড়া বিশ্বকাপ নিঃসন্দেহে মলিন হয়ে যাবে। কিন্তু তাতে কিছুই যায় আসে না ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রুনির। দি ডেইলি মিররকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন সে কথাই, " রোনালদো ও মেসি বিশ্বকাপে খেলছে কি খেলছে না তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার। আমাদের উচিত নিজেদের খেলায় মনোনিবেশ করা।" পর্তুগালের কাছে হেরেই ২০০৬ সালের বিশ্বকাপ ও ২০০৪ সালের ইউরো থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। তাই রুনির কন্ঠে ঝরেছে পর্তুগালের প্রতি দীর্ঘদিনের লালন করা ক্ষোভ, " সত্যি কথা বলতে কি আমি খুশীই হব যদি বিশ্বকাপে পর্তুগালকে না দেখি, কারণ, তাদের কাছে হেরেই দুটি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল আমাদের।" ইউরো ২০০৮ এর মূল পর্বে খেলা হয়নি ইংল্যান্ডের। বিদায় নিতে হয়েছিল বাছাই পর্ব থেকেই। ইংল্যান্ডকে নিয়ে তাই ঝড় উঠেছিল চায়ের কাপে, বইছিল সমালোচনার ঝড়। তাতে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব সতীর্থ হয়ে রোনালদোর সমালোচনা সহজভাবে নেন নি রুনি। সাক্ষাৎকারে বলেছেন সে কথাই, " ইউরো ২০০৮ এর মূল পর্বে আমরা যেতে না পারায় আমাদের নিয়ে অনেক কথাই হয়েছে। রোনালদোও তখন সমালোচনা করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯৪৭ ঘ.