ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের টেনিস থেকে অঘটন শব্দটা বোধহয় হারিয়ে গেছে। সেই কবে থেকে ছেলেদের বিভাগে অমল রায় আর মেয়েদের বিভাগে সাথী সরকার শীর্ষ বাছাই হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলছেন, তাদেরকে হঠাতেই পারছে না কেউ। অ্যানলিন জাতীয় টেনিসে এবারও শীর্ষ বাছাই হিসেবেই অংশ নিয়েছেন তারা দু'জন। টুর্নামেন্টের ফাইনালেও উঠে গেছেন। এখন বাকি শুধু শিরোপা ধরে রাখা।
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার ছেলেদের সেমিফাইনালে ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় সরাসরি সেটেই (৬-৩, ৬-৪ গেম) হারান নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে। অন্য সেমিফাইনালে অবশ্য কষ্ট করেই জিততে হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার রঞ্জন রামকে। নরডিক ক্লাবের দীপু লালের কাছে প্রথম সেটে (১-৬) বলতে গেলে পাত্তাই পাননি। তবে বাকি দুই সেট জিতে ফাইনালে অমল রায়ের সঙ্গী হন রঞ্জন রাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরই টাইব্রেকারে শেষ দুই সেটে (৭-৬, ৭-৫) ঘুরে দাঁড়ান তিনি।
মেয়েদের সেমিফাইনালেও একই অবস্থা। শীর্ষ বাছাই সাথী সরকারই আগে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন। তবে সেমিফাইনালে বান্দরবানের প্রতিপক্ষ মা হাই চিং প্রথম সেটে (৭-৬) ভালোই লড়াই করেন। যদিও দ্বিতীয় সেটে (৬-২) লড়াইটা আর ধরে রাখতে পারেননি মা হাই চিং। দ্বিতীয় সেমিফাইনালে এনটিসি'র দীশা ইসলাম সহজেই হারিয়েছেন নরসিংদীর রিপাকে। প্রথম সেট ৬-১ এবং দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে নেন দীশা।
ওদিকে বালক এককের (অনূর্ধ্ব-১৪) ফাইনালে উঠেছে এনটিসি'র রুস্তম আলী ও বিকেএসপির দেলোয়ার হোসেন। বালিকা এককের ফাইনালে খেলবে নাটোরের মৌরিন ও বিকেএসপির ঝিলিক চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩২ ঘ
bdnews24