ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের খেলোয়াড় ছাড়াই দলবদলে ক্লাবগুলোর আপত্তি নেই। না থাকারই কথা। কারণ লিগ শুরুর আগেই জাতীয় দলের খেলোয়াড়রা দেশে ফিরবেন। তারা ঠিকই লিগে খেলবেন; ক্লাবগুলোর এমনই ধারণা। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন ভাবছে অন্য কথা। ফেডারেশনের সাধারণ সম্পাদক জামিল খন্দকার বললেন,"জাতীয় দলের কোনো খেলোয়াড়ই লিগে খেলতে পারবে না। কোচের সঙ্গে সেভাবেই আমার কথা হয়েছে। আর এ জন্য লিগে পাঁচজন বিদেশী খেলোয়াড় খেলানোর অনুমতি দেয়া হয়েছে।"
তিনি আরো বলেন,"দক্ষিণ এশিয়ান গেমসের জন্য বিদেশে প্রশিক্ষণে পাঠানো হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের। লিগে খেললে দলের 'কম্বিনেশন' নষ্ট হবে। আমার কাছে জাতীয় স্বার্থ আগে।"
জাতীয় দলের খেলোয়াড়রা দেশে ফিরলে স্বাভাবিক নিয়মে তাদের পুরনো ক্লাবেই খেলতে হবে জাতীয় দলের খেলোয়াড়রদের। তবে লিগের বাইলজ অনুযায়ী সমঝোতা চুক্তির মাধ্যমে অন্যদলে যাওয়ারও সুযোগ থাকবে। আবাহনীর হকি কমিটির সহকারী সম্পাদক শহীদুল্লাহ দোলন জানান, ক্লাবগুলো নিজেদের মধ্যে সেভাবে আলোচনাও করে নিয়েছে।
এদিকে মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের সব খেলোয়াড়ই লিগে খেলবে। তাদের জন্য দলবদলের প্রয়োজন হবে না।"
শুধু মোহামেডানই নয় আবাহনী, সোনালী ব্যাংক, উষা ক্রীড়া চক্র এবং মেরিনার ইয়াংস ক্লাবও অপেক্ষায় আছে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য। তাদের নিয়েই দল গড়ছে তারা। উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের মতে,"জাতীয় দলের খেলোয়াড়রা দেশে না ফেরা পর্যন্ত লিগই শুরু হবে না। তাদের জন্য অপেক্ষা করতে প্রয়োজনে আমরা দু'টি টুর্নামেন্ট খেলতে রাজি আছি। জাতীয় দলের খেলোয়াড়রা লিগে খেলবেই।"
আবাহনীর কর্মকর্তা শহীদুল্লাহ দোলন জাতীয় দলের খেলোয়াড়দের দলে রাখাকে অপরিহার্য মনে করার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেন,"দেশে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব আছে। তার ওপর যুব দল আগামী মাসে মিয়ানমার সফর করবে। আমরা কাদের নিয়ে লিগে খেলবো? স্কুলের বাচ্চারা নিশ্চয়ই আবাহনী-মোহামেডানে খেলবে না! "
তবে ক্লাবগুলো যা-ই ভাবুক জাতীয় দলের খেলোয়াড়দের রুটিরুজির কথা না ভেবেই জাতীয় স্বার্থকে বড় করে দেখছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। অথচ ফেডারেশন থেকে জাতীয় দলের খেলোয়াড়দের কোনো আর্থিক সুবিধা দেয়া হবে না। ফলে জাতীয় দলের খেলোয়াড়দের রুটি রুজির ভাগ্য তোলা রইলো কোচের সিদ্ধান্তের ওপর। কেবল কোচ চাইলেই লিগে খেলার সুযোগ পেতে পারেন তারা।
জার্মান লিগ ও প্রশিক্ষণ ক্যাম্প শেষে হল্যান্ডে প্রস্তুতি ম্যাচ, ইতালি ও চেক রিপাবলিকে টেস্ট সিরিজ শেষে নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন জাতীয় দলের খেলোয়াড়রা। বুধবার জামিল খন্দকার জানান, ১৯ অক্টোবরের আগেই জার্মান লিগ শেষ হবে। ২০ অক্টোবর হল্যান্ডের প্রিমিয়ার বিভাগের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ হবে। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর ইতালি যাবে বাংলাদেশ দল। সেখানে ইতালি জাতীয় দলের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ (২৬ ও ২৭ অক্টোবর) এবং অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে একটি ম্যাচ খেলবে (২৮ অক্টোবর)। এরপর প্রাগ-এ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে বিদেশ সফর শেষ করবেন জাতীয় দলের খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৭ ঘ.
bdnews24