লন্ডন, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের একমাত্র ম্যাচে শিরোপার অন্যতম দাবীদার ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে।
টানা চারটি জয় দিয়ে লিগ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। ডার্বি ম্যাচে ৪-৩ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর ওয়েস্ট হ্যামকে হারিয়ে আবারও জয়ের ধারার ফিরেছিল তারা। কিন্তু এবার অ্যাস্টন ভিলায় পা হড়কালো তাদের।
দু'দল মিলিয়ে এ ম্যাচের ৭ জন জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই পর্বের দলে। তাই শিষ্যরা কেমন খেলেন তা দেখতে ভিলা পার্ক মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ড কোচ ফাবিও ক্যাপেলো। কোচের উপস্থিতি হয়তো বাড়তি উদ্দীপনা যুগিয়েছে দু'দলকে। আক্রমন পাল্টা আক্রমনে তাই উপভোগ্য হয়ে উঠেছিল ম্যাচ।
প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো অ্যাস্টন ভিলা। গ্যাব্রিয়াল অ্যাগবনলাহোর হেড অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ম্যান সিটি গোলরক্ষক শ্যা গিভেন। তবে ১৪ মিনিট পর আর বিপদ ঠেকিয়ে রাখতে পারেননি এই আইরিশ। তাকে বোকা বানিয়ে নিজের প্রাক্তন দলের জালে বল পাঠিয়ে ভিলাকে এগিয়ে দেন রিচার্ড ডান।
'ক্রেইগ বেলামি - ইমানুয়েল আদেবায়োর - কালোর্স তেভেজ' - স্ট্রাইকার ত্রয়ী দ্বিতীয়ার্ধে ত্রাস ছড়ান স্বাগতিকদের বিপক্ষে। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলেন ভিলা রক্ষনভাগকে। ৬৮ মিনিটে সমতা ফেরান ক্রেইজ বেলামি। তিন ম্যাচ নিষেধাঞ্জা কাটিয়ে ফেরা আদেবায়োরের পাস ডি-বক্সে পেয়ে যান তিনি। কাছের পোস্টে বল পাঠিয়ে দিতে কোনো সমস্যায় হয় নি তার।
৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে ম্যান সিটি। ১৩ পয়েন্ট পাওয়া অ্যাস্টন ভিলার অবস্থান সপ্তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯২৫ ঘ.
bdnews24